এখনো নিয়োগ হয়নি ২০০ কারখানা পরিদর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক কারখানার অগ্নি প্রতিরোধ ও ভবন নিরাপত্তাব্যবস্থা যাচাই ও নিশ্চিত করার জন্য ২০০ জন পরিদর্শক নিয়োগের কথা থাকলেও এখন পর্যন্ত সরকার তা নিয়োগ দিতে পারেনি।
এর ফলে এ বছর ডিসেম্বর মাসের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) ফিরে পাওয়ার সুযোগ আর তৈরি হবে না।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এখন পর্যন্ত মাত্র চারজন পরিদর্শক নিয়োগ করতে পেরেছে আর ৭০ জন পরিদর্শকের নিয়োগ প্রক্রিয়াধীন আছে।
জিএসপি ফিরে পাওয়ার জন্য সরকারের গৃহীত কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনায় এই চিত্র পাওয়া গেছে। গতকাল বাণিজ্য মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত এক সভায় এই প্রতিবেদন উপস্থাপন করা হয়।
জিএসপি পুনরুদ্ধারে কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্রথম পর্যালোচনা সভায় গত ৫ আগস্ট সিদ্ধান্ত হয়েছিল, এ বছরের ১৫ অক্টোবরের মধ্যে ২০০ কারখানা পরিদর্শক নিয়োগ করা হবে।
বৈঠক শেষে বাণিজ্যসচিব মাহবুব আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
সভায় উপস্থাপিত প্রতিবেদনে আরও বলা হয়েছে, কারখানা ও স্থাপনা প্রধান পরিদর্শকের কার্যালয়কে ৮০০ পরিদর্শক নিয়োগ দেওয়ার জন্য গণপূর্ত মন্ত্রণালয় একে স্বতন্ত্র বিভাগে উন্নীত করার বিষয়টি অনুমোদন করেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, শ্রমিকনেতা আমিনুল ইসলাম হত্যাকারীদের গ্রেপ্তার এবং কল্পনা আক্তার ও বাবুল আক্তারের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এখন চূড়ান্ত পর্যায়ে।
এ বছর ২৭ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) বাংলাদেশকে দেওয়া জিএসপি-সুবিধা স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার পর তা পুনরুদ্ধারের জন্য বাণিজ্য মন্ত্রণালয় বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করে। আর যুক্তরাষ্ট্র সরকার ১ সেপ্টেম্বর থেকে জিএসপি স্থগিতের সিদ্ধান্ত কার্যকর করে।
মাহবুব আহমেদ সাংবাদিকদের বলেন, ‘অ ামরা ইতিমধ্যে কিছু অগ্রগতি করেছি। বাকিটাও হয়ে যাবে বলে আশা করছি। আর আমাদের হাতে ডিসেম্বর পর্যন্ত সময় আছে।’
পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘন ঘন পোশাক কারখানা আছে এমন সাতটি এলাকায় অগ্নিনির্বাপক স্টেশন স্থাপন করবে এবং ২৬০ জন অগ্নিনিরাপত্তাবিষয়ক পরিদর্শক নিয়োগ দেবে।
প্রতিবেদনে আরও বলা হয়, শ্রমিকদের তথ্যভান্ডার তৈরির কাজটি আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহায়তায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পন্ন করার দায়িত্ব নিয়েছে।
এদিকে, তৈরি পোশাকশিল্পের ওপর করা ২০ সদস্যের কমিটির প্রতিবেদন গতকাল ‘গার্মেন্টস শিল্পবিষয়ক মন্ত্রিসভা কমিটি’তে জমা দিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। শ্রমমন্ত্রী রাজিউদ্দিন রাজু, বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকা ও ঢাকার বাইরের ২২৭টি কারখানা সরেজমিন পরিদর্শন করে এই প্রতিবেদন তৈরি করা হয়। এই প্রতিবেদনের সুপারিশে কোনো কারখানা বন্ধ করার কথা বলা হয়নি। তবে প্রতি কারখানার অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর জোর দেওয়া হয়েছে।