এখনো 'ধীরে চলো' নীতিতে বিদেশি বিনিয়োগকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বিদেশি বিনিয়োগ (এফডিআই) নিবন্ধনের হার বাড়লেও বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফেরেনি। তাঁরা এখনো ‘ধীরে চলো’ নীতিতে এগোচ্ছেন। এমন অবস্থা চলছে ২০১৩ সাল থেকেই। কারণ, তখন থেকে এ বছরের শুরুর সময়টা পর্যন্ত রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে গেছে দেশ।
২০১৪-১৫ অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন সময়) দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এমন পর্যবেক্ষণ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই)। এই সময়ের অর্থনৈতিক পর্যালোচনা নিয়ে একটি প্রতিবেদনও তৈরি করেছে সংগঠনটি।
বিনিয়োগ বোর্ডের তথ্য বলছে, গত অর্থবছরের জুলাই-মে পর্যন্ত সময়ে দেশে বিদেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে ১৫৮ কোটি ১০ লাখ ডলারের, যা আগের বছরের চেয়ে ২০ দশমিক ৪১ শতাংশ বেশি। ওই বছরের একই সময় পর্যন্ত বিনিয়োগ এসেছিল ১৩১ কোটি ৩০ লাখ ডলার।
ব্যবসায়ীদের এই প্রভাবশালী সংগঠনটি বলছে, এ দেশে বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগকারীরা এখনো আস্থা ফিরে পাননি। সে কারণে তাঁরা নতুন বিনিয়োগও খুব বেশি করছেন না। নানা প্রতিবন্ধকতার কারণে স্থানীয় বিনিয়োগকারীরাও বিনিয়োগ করছেন না। বর্তমানে যে হারে বিনিয়োগ হচ্ছে তা দেশের উন্নয়নের জন্য যথেষ্ট না। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে পৌঁছাতে হলে অবকাঠামো উন্নয়নে প্রতিবছর ৭৪০ থেকে ১০০০ কোটি ডলার ব্যয় করতে হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবমতে, গত অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৫১ শতাংশ। এটা লক্ষ্যমাত্রার (৭ দশমিক ৩০) চেয়ে দশমিক ৭৯ শতাংশীয় পয়েন্ট কম।
জিডিপি প্রবৃদ্ধির এই লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার জন্য অপর্যাপ্ত অবকাঠামো, বিদ্যুৎ ও গ্যাসের সংকট এবং রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেছে এমসিসিআই। দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এসব প্রতিবন্ধকতা দূর করার পরামর্শও দিয়েছে সংগঠনটি।
স্বল্প আয়ের দেশ থেকে সম্প্রতি বাংলাদেশের যে নিম্ন মধ্যম আয়ের দেশে উত্তরণ ঘটেছে, সে বিষয়টিও সামনে এনেছে মেট্রো চেম্বার। একই সঙ্গে মধ্যম আয়ের দেশে পৌঁছাতে হলে কী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, তা-ও বাতলে দিয়েছে। চ্যালেঞ্জগুলো হলো, ব্যাপক ভিত্তিতে বিনিয়োগ বাড়ানো, অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি বাড়ানো এবং জিডিপির উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখা। এর সঙ্গে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা খুবই জরুরি বলে পর্যবেক্ষণ সংগঠনটির।
দেশে ব্যক্তি খাতের বিনিয়োগে যখন স্থবিরতা চলছে, তখন সরকার নিজেই বিনিয়োগ বাড়াচ্ছে। কিন্তু এটা বেসরকারি বিনিয়োগের বিকল্প হতে পারে না বলে মনে করে এমসিসিআই। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বেসরকারি বিনিয়োগ লাগবেই। আর এ জন্য রাজনৈতিক অস্থিরতায় ক্ষতিগ্রস্ত হওয়া ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া উচিত বলেও মনে করে সংগঠনটি।
এমসিসিআই খাতওয়ারি পর্যবেক্ষণ তুলে ধরে বলেছে, গত অর্থবছরে কৃষি খাতে প্রবৃদ্ধি আগের বছরের চেয়ে কম হয়েছে। এর বড় কারণ হলো রাজনৈতিক অস্থিরতা। তবে ওই অর্থবছরে শিল্প ও উৎপাদনশীল খাতে ভালো প্রবৃদ্ধি হয়েছে। শিল্পে ৯ দশমিক ৬০ শতাংশ এবং উৎপাদনশীল খাতে ১০ দশমিক ৩২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে প্রবৃদ্ধি আরও হতো যদি বিদ্যুৎ-গ্যাসের সংকট, রাজনৈতিক সহিংসতা, পোশাক খাতে শ্রম অসন্তোষ না থাকত এবং দেশে পর্যাপ্ত বিনিয়োগ হতো।