এখানেই ডটকমে পশুর হাট, মিনিটে তিনটি বিজ্ঞাপন

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে অনলাইনভিত্তিক বেচা-কেনার মাধ্যমগুলোও। ব্যস্ত হয়ে পড়েছে অনলাইনভিত্তিক শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনের ওয়েবসাইটগুলো। দেশের অন্যতম বৃহত্তম অনলাইনভিত্তিক শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনের ওয়েবসাইট এখানেই ডটকমে প্রতি মিনিটে তিনটিরও বেশি কোরবানির পশুর বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ ওয়েবসাইটে কোরবানির পশুর বিজ্ঞাপনের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে।
এখানেই ডটকমের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার পশু বেচা-কেনার ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা উভয়েরই পছন্দের অন্যতম ক্ষেত্র হয়ে উঠেছে অনলাইনভিত্তিক বিজ্ঞাপনের ওয়েবসাইটগুলো। আর ওয়েবসাইট ঘিরে কোরবানির পশু নির্বাচনের ক্ষেত্রে তরুণদের পাশাপাশি মাঝবয়সী মানুষের আগ্রহ লক্ষ করা যাচ্ছে। পশু ব্যবসায়ী ও বিক্রেতারাও অনলাইনে বিজ্ঞাপন দিতে বেশ আগ্রহী হচ্ছেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানির পশুর বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতারা সহজেই জেনে নিতে পারছেন দরদাম ও অন্যান্য দরকারি তথ্য।
ঈদুল আজহার সময় যত এগিয়ে আসছে ততই এখানেই ডটকমে বিজ্ঞাপনের পরিমাণ বাড়ছে। এ ওয়েবসাইটটিতে প্রতিটি বিভাগ থেকেই অসংখ্য কোরবানির পশুর বিজ্ঞাপন আসছে। সবচেয়ে বেশি বিজ্ঞাপন আসছে ঢাকা বিভাগ থেকে। আজ পর্যন্ত ঢাকা বিভাগে কোরবানির পশুর বিজ্ঞাপন এসেছে ১২ হাজারেরও বেশি। এ ছাড়া রাজশাহীতে ৬০০, চট্টগ্রামে ৪০০, সিলেটে ১০০, খুলনায় ৩০০ এবং রংপুর ও বরিশাল থেকে পাঁচ শতাধিক বিজ্ঞাপন এসেছে এখানেই ডটকমের ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখানেই ডটকমে বিজ্ঞাপন দেওয়া কোরবানির পশুর মধ্যে গরু ও ছাগলের সংখ্যাই বেশি। গরুর দাম হাঁকা হচ্ছে ত্রিশ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত। পশুর বিক্রেতারা দরদাম নির্ধারণ করে বিজ্ঞাপন দিচ্ছেন। অনেক বিক্রেতা দরদাম আর ছবির সঙ্গে পশুর ওজনও দিয়ে দিচ্ছেন। এর ফলে খুব সহজে যে কেউ কোরবানির পশু পছন্দ করে মোবাইল বা টেলিফোনে যোগাযোগ করে দরদাম নির্ধারণ করতে পারছেন। দরদাম মিলে গেলে ক্রেতা নিজেই পশু সংগ্রহ করে নিতে পারবেন অথবা অনেক ক্ষেত্রে বিক্রেতাই ক্রেতার বাসায় পৌঁছে দিচ্ছেন পশু।
রাজধানীর গাবতলী, আফতাবনগর, শাহজাহানপুর, আগারগাঁও, শনির আখড়া, ধূপখোলা, দয়াগঞ্জ, ফতুল্লা, নয়াবাজার, গোপীবাগ, উত্তরা, মতিঝিল, যাত্রাবাড়ীর পশুর হাটে এখানেই ডটকমের কর্মীরা ক্যামেরা ও ল্যাপটপ নিয়ে পশুর ব্যবসায়ীদের সাহায্য করছেন বলে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়।