এগমন্ট গ্রুপে যুক্ত হতে জোর প্রচেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনতে দি এগমন্ট গ্রুপ অব ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে যুক্ত হওয়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। টরন্টো-ভিত্তিক এই আন্তর্জাতিক সংগঠনের একটি প্রতিনিধিদল চলতি মাসে বাংলাদেশ সফরে এসে আইন প্রয়োগকারী সংস্থাসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেছে। খবর বাসসের। সফরকালে এগমন্ট গ্রুপের প্রতিনিধিরা জঙ্গি অর্থায়ন ও অর্থ পাচার রোধে বাংলাদেশে গৃহীত বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। উল্লেখ্য, অবৈধভাবে মুদ্রা পাচার, মাদক পাচার ও জঙ্গিবাদের মতো অপরাধে অর্থায়ন বন্ধ ও অপরাধীদের প্রতিরোধে এই আন্তর্জাতিক সংগঠনটির সদস্যরা একে অন্যকে সহায়তা করে। সফরকারী প্রতিনিধিদলের মূল্যায়ন প্রতিবেদনের ওপর এগমন্ট গ্রুপের সদস্যপদ পাওয়ার বিষয়টি নির্ভর করছে। এ প্রসঙ্গে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা শাখার (বিএফআইইউ) দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ বাসসকে বলেন, ‘গ্রুপটির সদস্যপদ পেলে জঙ্গি অর্থায়ন ও অর্থ পাচারসহ যাবতীয় তথ্য সদস্যভুক্ত দেশগুলোর সঙ্গে আদান-প্রদান করা যাবে। এ সুবিধা কাজে লাগাতে সংগঠনের সদস্যপদ পেতে বাংলাদেশ আবেদন করেছে। এরই আলোকে এগমন্ট গ্রুপের দুটি সদস্য দেশ মালয়েশিয়া ও থাইল্যান্ড বাংলাদেশকে সহায়তা দিতে রাজি হয়।’থাইল্যান্ডের এন্টি মানি লন্ডারিং দপ্তরের পরিচালক ওকিন নিতুমুতরাকুলের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল ৪ থেকে ৬ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করে। এতে মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের উপপ্রধান খালিদ বিন ম্যাট জুনাস উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এগমন্ট গ্রুপের সদস্যপদের জন্য এর সদস্যভুক্ত যেকোনো দুটি দেশের পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয়। তারা সংশ্লিষ্ট দেশটির অর্থ পাচার ও জঙ্গি অর্থায়ন প্রতিরোধের সক্ষমতা মূল্যায়ন করে প্রতিবেদনটি তৈরি করে। এই প্রতিবেদনের ওপরই সদস্যপদ প্রাপ্তির বিষয়টি নির্ভর করে। এগমন্ট গ্রুপ হলো বিভিন্ন দেশের আর্থিক গোয়েন্দা শাখার (এফআইইউ) সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক একটি সংগঠন। বর্তমানে বিশ্বের ১৩০টি দেশ এ সংগঠনের সদস্য। জানা গেছে, আগামী জানুয়ারিতে এগমন্ট গ্রুপের ওয়ার্কিং কমিটির বৈঠক হবে। এই বৈঠকে বাংলাদেশ সফরে আসা প্রতিনিধিদল তাদের প্রতিবেদন উপস্থাপন করবে। তখন প্রতিবেদনটি পর্যালোচনা করা হবে। তিনি জানান, ওয়ার্কিং কমিটিতে প্রতিবেদনটি গৃহীত হলে আগামী বছরের জুলাই মাসে বেলজিয়ামে অনুষ্ঠেয় সংগঠনের ২১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশের সদস্যপদের বিষয়টি চূড়ান্ত করা হতে পারে।