এগমন্ট গ্রুপের ১৩২তম সদস্যপদ পেল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
noname
noname

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এগমন্ট গ্রুপের সদস্যপদ পেয়েছে। এগমন্ট গ্রুপ হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (এফআইইউ) সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক ফোরাম, যারা মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নসংক্রান্ত তথ্য নিয়ে কাজ করে।
এগমন্ট গ্রুপের সদস্য হওয়ায় বিএফআইইউ ১৩২টি দেশের এফআইইউর সঙ্গে সিকিউরড ওয়েবসাইটে যুক্ত হবে। আর বিভিন্ন দেশের এফআইইউর কাছ থেকে মানি লন্ডারিং, সন্ত্রাসে অর্থায়ন ও বিদেশে পাচার করা অর্থের তথ্য পাবে।
এতে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ এবং বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা সহজ হবে বলে মনে করা হচ্ছে।
এগমন্ট গ্রুপের সদস্যপদ পাওয়ায় গতকাল বৃহস্পতিবার এক জরুরি সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, বিশ্বের সব দেশের এফআইইউর আন্তর্জাতিক ফোরাম ১৩১ সদস্যের এগমন্ট গ্রুপের সদস্যপদ লাভ অনেক দিনের কাঙ্ক্ষিত সুখবর। তিনি বলেন, ‘এই গ্রুপের সদস্যপদ না থাকায় আগে অনেক দেশই এ ধরনের স্পর্শকাতর তথ্য আমাদের সঙ্গে বিনিময় করেনি। তবে আজ হতে এ ধরনের জটিলতার অবসান হবে।’ বাংলাদেশ এই সংগঠনের সদস্যপদ পাওয়ায় এখন এই ফোরামের মোট সদস্যসংখ্যা দাঁড়াচ্ছে ১৩২টিতে। আতিউর রহমান জানান, এর আগে গভর্নর সালেহউদ্দিন আহমেদ এগমন্ট গ্রুপের সদস্যপদ পেতে আবেদন করেছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দক্ষিণ আফ্রিকার সান সিটিতে শুরু হওয়া এগমন্ট গ্রুপের বার্ষিক সাধারণ সভায় গ্রুপটির সদস্যভুক্ত সব দেশের সম্মতিতে ৩ জুলাই বাংলাদেশকে এই সদস্যপদ দেওয়া হয়। ৩০ জুন শুরু হওয়া এই সভায় যোগ দিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিএফআইইউর প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান এবং বিএফআইইউর মহাব্যবস্থাপক (জিএম) দেবপ্রসাদ দেবনাথ এখন সেখানে রয়েছেন।
সংবাদ সম্মেলনে আতিউর রহমান বলেন, এই সদস্যপদ পাওয়ায় অনেক লাভ হবে। বিশেষ করে এগমন্ট গ্রুপের অন্যান্য সদস্যদেশের কাছ থেকে স্পর্শকাতর তথ্য আনা যাবে। তিনি বলেন, বাংলাদেশ থেকে দুর্নীতির মাধ্যমে অর্থ পাচার করে কেউ আর সহজে পার পাবে না। মালয়েশিয়া ও থাইল্যান্ড বাংলাদেশের এগমন্ট গ্রুপের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা রেখেছে। গভর্নর এই দুই দেশকে ধন্যবাদ জানান।
বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লাহ মালিক কাজেমী, নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাহফুজুর রহমান বিএফআইইউ এবং এগমন্ট গ্রুপের কার্যক্রম বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ২০০৮ সালে এগমন্ট গ্রুপের সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করা হয়। কিন্তু মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাসবিরোধী আইনের কিছু সংশোধনীর প্রয়োজনে সদস্যপদ পেতে বিলম্ব হয়েছে। এ ছাড়া বিএফআইইউ আন্তর্জাতিক মানে উন্নীত করতেও কিছু সময় লেগেছে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা গভর্নর আতিউর রহমানের কাছে বেসিক ব্যাংকে বড় ধরনের বিভিন্ন অনিয়ম নিয়ে প্রশ্ন করেন। একই সঙ্গে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াসহ কয়েকজন সাংসদ বেসিক ব্যাংকসহ ব্যাংক খাতে বিভিন্ন ধরনের দুর্নীতি-অনিয়মের যে অভিযোগ এনেছেন, সে বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। তাঁরা বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। অবশ্য গভর্নর কোনো প্রশ্নেরই জবাব না দিয়ে উঠে যান।
পরে আল্লাহ মালিক কাজেমী এ বিষয়ে বলেন, বিভিন্ন ধরনের অপরাধ নির্ণয় করা ও ধরা মানি লন্ডারিংয়ের আওতাধীন দায়িত্ব, এটা সঠিক। এগমন্ট গ্রুপ হচ্ছে এলিট ক্লাব, এর সদস্যপদ পাওয়ায় এসব অনিয়ম প্রতিরোধ সহজ হবে। অপরাধের সূত্র পেতে সহজ হবে।