এগিয়ে আসছেন তৃণমূলের ক্ষুদ্র নারী উদ্যোক্তারা
দেশে তৃণমূল পর্যায়ে নারীরা ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসছেন। তাঁরা নিজেরাই গড়ে তুলছেন ছোট ছোট ব্যবসায়িক উদ্যোগ, যার মাধ্যমে নিজেদের আয়-উপার্জন যেমন নির্বাহ করছেন, তেমনি সীমিত পরিসরে সৃষ্টি করছেন কর্মসংস্থান।সরকারের অব্যাহত নীতি-সহায়তা, উদ্যোগ, প্রশিক্ষণ ও সচেতনতা বাড়াতে পারলে এসব নারী উদ্যোক্তা অর্থনীতিতে অবদান রাখতে পারবেন বলে মনে করছেন ব্যবসায়ী নেত্রীরা। তখন অনেক বেকার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করাও সম্ভব হবে বলে মনে করেন তাঁরা।জানা গেছে, পান দোকান থেকে শুরু করে এখন বুটিক, পারলার, কৃষি, ট্রেডিং, হস্তজাত পণ্য, নার্সারি, দর্জি, ইন্টেরিয়র ডিজাইন এমনকি ছোট গার্মেন্টস, বায়িং হাউস ও আমদানি খাতে এখন তৃণমূলের নারীরা সাফল্যের সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন। সারা দেশে প্রায় ১১ হাজারের বেশি তৃণমূল নারী উদ্যোক্তা আছেন। এই উদ্যোক্তারাই প্রায় দেড় লক্ষাধিক বেকারের কর্মসংস্থান নিশ্চিত করেছেন।এক নারী উদ্যোক্তা বলেন, দেশে নারী উদ্যোক্তা সৃষ্টি এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। নীতিমালা থাকার পরও অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজ শর্তে ও বিনা জামানতে ব্যাংক থেকে ঋণ পান না। অনেকেই আবার তাঁদের উৎপাদিত পণ্য সঠিক সময়ে সঠিকভাবে বাজারজাত করতে পারেন না। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নারী উদ্যোক্তারা ১০ শতাংশ সুদে ব্যাংক ঋণ পাওয়ার কথা। কিন্তু অনেক ব্যাংকই সেটি মানছে না। যেকোনো ব্যাংক ঋণের ক্ষেত্রে তারা এখন ১৫ থেকে ১৬ শতাংশ সুদ দাবি করছে। তৃণমূল নারী উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়টি নিয়ে কাজ করছে অ্যাসোসিয়েশন অব গ্রাসরুটস উইমেন এন্ট্রাপ্রেনিউর্স, বাংলাদেশ। ইতিমধ্যে সমিতিটি গাজীপুর, খুলনা, ঝিনাইদহ, যশোর, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, বাগেরহাটসহ সারা দেশে ২৩ জেলার তৃণমূল নারী উদ্যোক্তারদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে।সমিতির এক নেত্রী অভিযোগ করে বলেন, সরকার নারী কল্যাণে চলতি অর্থবছরের বাজেটে ৯৮৭ কোটি টাকা বরাদ্দ দিয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণের কথা ঘোষণা দিয়েছিল। কিন্তু বাস্তবে এর কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি।সমিতির সহসভাপতি মাহবুব আরা বলেন, ‘আমাদের একার পক্ষে সারা দেশের তৃণমূল নারীদের প্রশিক্ষণ দেওয়া, সচেতন করা ও সুযোগসুবিধা দেওয়া অসম্ভব। এ ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে এগিয়ে আসতে হবে। তবেই নারী উদ্যোক্তারা দেশের অর্থনীতিকে গতিশীল করতে পারবেন।