স্বাধীন হওয়ার পর বাংলাদেশের আন্তর্জাতিক পরিচয় ছিল তলাবিহীন ঝুড়ি হিসেবে। দীর্ঘ দিন ধরে বাংলাদেশ ছিল একটি সাহায্যনির্ভর দেশ। সাহায্য পাওয়াই ছিল সরকারগুলোর সবচেয়ে বড় কৃতিত্ব। রপ্তানি বলতে ছিল পাট আর মানুষ। অর্থাৎ জনশক্তি। মূলত স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক অর্থনীতির সংকট দেশটিকে দীর্ঘসময় ধরে সাহায্যনির্ভর করে রেখেছিল। ১৯৭২ ও ১৯৭৩ সালের খরার পর ১৯৭৪ সালে বাংলাদেশে বড় ধরনের বন্যা হয়। এ কারণে খাদ্যপণ্যে যেমন বড় ধরনের ধাক্কা লেগেছিল, তেমনি ১৯৭৩ সালে আন্তর্জাতিক বাজারের জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছিল বাংলাদেশসহ সারা বিশ্বে। তেলের মূল্যে বড় ধরনের সংকট হয় আবার ১৯৭৯ সালে। এ সময় আবার পাটের বিকল্প হিসেবে সিনথেটিক পণ্যের প্রসার বাড়লে বাণিজ্য খাতে আরেক দফা বড় ধরনের ধাক্কা খায় বাংলাদেশ। সেসব সময়ে আন্তর্জাতিক বিশ্ববাণিজ্যের ক্ষেত্রেও ছিল অনেক বেশি রক্ষণশীল। ফলে সত্তরের দশকে বাংলাদেশ ছিল পুরোপুরিই সাহায্যনির্ভর একটি দেশ। সাহায্যনির্ভরতা প্রকট হয় আশির দশকের পুরো সময়ে। নব্বইয়ের দশকে পরিস্থিতি ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করে। এ সময় বাণিজ্য খাতে নানা ধরনের সংস্কার করা হয়। আবার আমদানি প্রতিস্থাপন শিল্প থেকে রপ্তানিনির্ভর শিল্পের দিকে অগ্রসর হতে শুরু করে বাংলাদেশ। বেশ কয়েকটি উন্নত দেশ বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জন্য নানা ধরনের বাজারসুবিধা দেয়। এর ফলে বাণিজ্যনির্ভরতা বাড়তে থাকে। এর ফলে সেই বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে দেখা দেয় অনেক পার্থক্য। এখন দেশটির বৈদেশিক সাহায্য জিডিপির মাত্র দুই শতাংশ, অন্যদিকে রপ্তানি আয় অনেক বেড়ে হয়েছে ১৮ শতাংশ এবং রেমিট্যান্স প্রায় নয় শতাংশ। অর্থাৎ ঋণ গৌণ হয়ে পড়েছে, উঠে এসেছে বাণিজ্য।সব মিলিয়ে বলা যায়, ৪০ বছরে বাংলাদেশ এগিয়েছে। স্বাধীনতার পর থেকে শুরু করে দীর্ঘ ২৫ বছর পর্যন্ত বাংলাদেশে গড়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হার সাড়ে চার শতাংশের বেশি বাড়েনি। পরের ১০ বছর জিডিপি বেড়েছে প্রায় পাঁচ শতাংশ হারে। এর পর থেকে জিডিপি প্রবৃদ্ধির হার ছাড়িয়ে গেছে ছয় শতাংশ। পাঁচ বছর আগেও মাথাপিছু জাতীয় আয় ছিল ৪৭৬ ডলার, এখন ৭৫১ ডলার। ক্রয়ক্ষমতার সমতার ভিত্তিতে বাংলাদেশ এখন ৭০ বিলিয়ন ডলার বা প্রায় ৫০ লাখ কোটি টাকার বাজার।দেশে ১৯৮৬-৮৭ অর্থবছরে মোট চাল উৎপাদন হয়েছিল এক কোটি ৫৪ হাজার মেট্রিক টন আর গম হয়েছিল ১০ লাখ ৯২ হাজার টন। আর এখন মোট চাল ও গম হচ্ছে তিন কোটি ৩৬ লাখ টন। বাংলাদেশকে খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ বলা যায়।আবার ১৯৮০-৮৫ সময়ে দেশের মোট বিনিয়োগ ছিল জিডিপির ১৬ দশমিক ৮ শতাংশ, ২০০৯-১০ সময়ে তা ২৪ দশমিক ৩৫ শতাংশ। যদিও বিনিয়োগ বাড়লেও তা গত ১০ বছর ধরে প্রায় একই অবস্থানে স্থবির হয়ে আছে। ২০০৪-০৫ অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় ছিল মোট বাজেটের ৮ দশমিক ৪১ শতাংশ, এই ব্যয় এখন বেড়ে হয়েছে ১৭ শতাংশ। একই ভাবে ১৯৮৩-৮৪ সময়েও দেশে রপ্তানি আয় ছিল জিডিপির মাত্র ৪ দশমিক ১ শতাংশ, সেই রপ্তানি আয় এখন জিডিপির ১৭ দশমিক ৯ শতাংশ। ১৯৮০-৮১ সময়ে তৈরি পোশাক খাতে আয় ছিল মাত্র ৩১ লাখ ডলার। আর এখন তা এক হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে১৯৭৬ সালেও বিদেশে কাজ করতে যাওয়া মানুষের সংখ্যা ছিল মাত্র ছয় হাজার ১০০ জন। আর এখন গড়ে প্রতিবছর যাচ্ছে পাঁচ লাখের বেশি। ১৯৯৮-৯৯ অর্থবছরেও প্রবাসী-আয় বা রেমিট্যান্স এসেছিল মাত্র ১৭০ কোটি ডলার। এই আয় এখন এক হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। জিডিপির ১০ শতাংশের বেশি এখন আসছে রেমিট্যান্স থেকে। তবে প্রবৃদ্ধিসহ অন্যান্য সূচকে অগ্রগতি হলেও এর সুফল দেশের সবাই পাচ্ছেন না। বরং প্রবৃদ্ধি বাড়ার উল্টো পিঠে রয়েছে বৈষম্য বাড়ার চিত্র। খানা আয় ও ব্যয় সমীক্ষা ২০০৫ অনুযায়ী, ২০০০ সাল থেকে ২০০৫ সময়ের মধ্যে দেশে দারিদ্র্যের হার কমেছে ৮ দশমিক ৯ শতাংশ। ২০০০ সালে দারিদ্র্যসীমার নিচে বাস করত ৪৮ দশমিক ৯ শতাংশ মানুষ, আর ২০০৫ সালে বাস করে ৪০ শতাংশ মানুষ। ১৯৯৫ সালে দারিদ্র্যসীমার নিচে থাকত ৫১ শতাংশ এবং ১৯৯১ সালে ৫৮ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ ১৫ বছরে দারিদ্র্যের হার কমেছে প্রায় ১৯ শতাংশ।দারিদ্র্য যে হারে কমেছে. বৈষম্য বেড়েছে তারচেয়েও দ্রুতগতিতে। দারিদ্র্যসীমার সবচেয়ে নিচে থাকে যে পাঁচ শতাংশ মানুষ, ১৯৯৫ সালে মোট আয়ে তাদের অংশ ছিল দশমিক ৮৮ শতাংশ। আর এখন জাতীয় আয়ে তাদের অংশ কমে হয়েছে দশমিক ৭৭ শতাংশ। ধনীদের ক্ষেত্রে চিত্র উল্টা। ১৯৯৫ সালে সর্বোচ্চ ধনী পাঁচ শতাংশের কাছে ছিল ২৩ দশমিক ৬২ শতাংশ আয়, আর এখন তা বেড়ে হয়েছে ২৬ দশমিক ৯৩ শতাংশ। দারিদ্র্যসীমার নিচে আছে যে ৪০ শতাংশ, তাদের মোট আয় মাত্র ১৪ দশমিক ৩৬ শতাংশ। মোট আয়ে বাকি ৬০ শতাংশের অংশ ৮৫ শতাংশেরও বেশি। এর মধ্যে শীর্ষ ২০ শতাংশ আয় করে প্রায় ৫৩ শতাংশ। আয়বৈষম্য অবশ্য বাংলাদেশে নতুন কিছু না। তবে আঞ্চলিক বৈষম্য অবশ্যই বাংলাদেশের জন্য একটি নতুন সমস্যা। স্বাধীন বাংলাদেশ চাওয়ার পেছনে আঞ্চলিক বৈষম্য একটি জোরালো কারণ ছিল। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্যই বাংলাদেশ চাওয়া হয়েছিল। আর সেই বাংলাদেশেই স্বাধীনতার ৪০ বছরে মাথাচাড়া দিয়ে উঠেছে আঞ্চলিক বৈষম্য। বিশ্বব্যাংকের প্রতিবেদনেও আঞ্চলিক বৈষম্যের কারণে দুই বাংলাদেশের উদ্ভব হচ্ছে বলে মন্তব্য করা হয়েছে। দরিদ্র্য মানুষের সংখ্যার দিক থেকে দুই ভাগ হয়ে আছে বাংলাদেশ। একদিকে রয়েছে তুলনামূলক কম দরিদ্র এলাকা ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। অন্যদিকে বরিশাল, খুলনা ও রাজশাহী, যেখানে দরিদ্র মানুষের হার অনেক বেশি। এই দুই বাংলাদেশের মধ্যে ব্যবধানও বাড়ছে। দেশে পূর্বাঞ্চলের দারিদ্র্য বিমোচন পরিস্থিতি অত্যন্ত ভালো, সেই তুলনায় পশ্চিমাঞ্চলের পরিস্থিতি একেবারেই উল্টো হয়ে গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয় ও ব্যয় সমীক্ষা ২০০৫ অনুযায়ী, দেশের ৪০ শতাংশ মানুষই দারিদ্র্যসীমার নিচে বাস করে। তবে সবচেয়ে কম দরিদ্র মানুষ থাকে চট্টগ্রাম, ঢাকা ও সিলেটে। আর বরিশালের ৫২ শতাংশ মানুষই দরিদ্র, রাজশাহীতে এই হার ৫১ দশমিক ২ শতাংশ এবং খুলনায় ৪৫ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে ঢাকার ৩২ শতাংশ মানুষ বাস করে দারিদ্র্যসীমার নিচে, সিলেটে এই হার ৩৩ দশমিক ৮ শতাংশ এবং চট্টগ্রামে ৩৪ শতাংশ। সমীক্ষা অনুযায়ী, ২০০০ থেকে ২০০৫ সালের মধ্যে দেশে দারিদ্র্যের হার কমেছে ৮ দশমিক ৯ শতাংশ। এই সময়ে খুলনায় এই হার বেড়েছে দশমিক ৬ শতাংশ, বরিশালে কমেছে মাত্র ১ দশমিক ১ শতাংশ এবং রাজশাহীতে কমেছে সাড়ে ৫ শতাংশ। অথচ একই সময়ে ঢাকার দারিদ্র্য কমেছে ১৪ দশমিক ৭ শতাংশ, চট্টগ্রামে ১১ দশমিক ৭ শতাংশ এবং সিলেটে কমেছে ৮ দশমিক ৬ শতাংশ।খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, ২০০৫ সালে দেশে মোট জনসংখ্যা ছিল ১৩ কোটি ৮৭ লাখ। এর মধ্যে ধনী তিন বিভাগে বাস করে আট কোটি দুই লাখ মানুষ এবং এখানে দরিদ্র মানুষের সংখ্যা দুই কোটি ৬৪ লাখ। অথচ রাজশাহী, খুলনা ও বরিশালে বাস করে পাঁচ কোটি ৮৫ লাখ এবং এর মধ্যে দুই কোটি ৯১ লাখের অবস্থানই দারিদ্র্যসীমার নিচে। আঞ্চলিক বৈষম্যের এই বিষয়টি আলোচনায় আসে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়। তখন থেকে পিছিয়ে পড়া অঞ্চলে বরাদ্দ বাড়তে থাকে। বাজেট বক্তৃতায় আঞ্চলিক বৈষম্যের অস্তিত্ব স্বীকার করে নিয়ে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দেওয়া হচ্ছে কিন্তু কতটুকু লাভ হলো সে হিসাব এখন পাওয়ার উপায় নেই। থানা ব্যয় ও আয় সমীক্ষার কাজ আবার শুরু হয়েছে। সমীক্ষাটি প্রকাশ পেলেই বোঝা যাবে কত দূর এগোল বাংলাদেশ।