এজেন্ট ব্যাংকিং চলবে শুধু পল্লি এলাকায়
দেশে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে কিছুটা কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য বিদ্যমান গাইডলাইন বা দিকনির্দেশনার পাশাপাশি আরও কিছু নিয়মকানুন অনুসরণ করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের এসব নতুন নির্দেশনা গতকাল দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীকে পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পল্লি এলাকায় পরিচালনা করতে হবে। অর্থাৎ মেট্রোপলিটন, সিটি করপোরেশন ও পৌরসভা এলাকার বাইরে পরিচালনা করতে হবে।
উল্লেখ্য, এজেন্ট ব্যাংকিং বলতে সরকারি বিভিন্ন সংস্থার নিবন্ধিত প্রতিষ্ঠান ব্যাংকের এজেন্ট বা প্রতিনিধি হিসেবে শহরের বাইরে যে ব্যাংকিং সেবা প্রদান করতে পারবে, তাকেই বোঝানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও বলেছে, এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমোদন পেতে এজেন্টগুলোর সঙ্গে চুক্তির নমুনা অনুলিপি, এজেন্ট ব্যাংকিংসংক্রান্ত ব্যবসায়িক পরিকল্পনা এবং ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত এজেন্ট ব্যাংকিংসংক্রান্ত নীতিমালা আগে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে পাঠাতে হবে।
পর্ষদ কর্তৃক অনুমোদিত এজেন্ট ব্যাংকিংসংক্রান্ত নীতিমালা বলতে সংশ্লিষ্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং মডেল, এজেন্ট নিয়োগসংক্রান্ত নীতিমালা, এজেন্ট ব্যাংকিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও নিরীক্ষণ পদ্ধতি, এজেন্ট ব্যাংকিংয়ের জন্য নির্বাচিত পণ্যসেবা ও মাশুল ইত্যাদি বোঝানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও বলেছে, এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিবীক্ষণের জন্য নিয়োগপ্রাপ্ত এজেন্টগুলোর তালিকা এবং সম্পাদিত চুক্তির অনুলিপি প্রাসঙ্গিক দলিলাদিসহ বাংলাদেশ ব্যাংকের গ্রিন ব্যাংকিং অ্যান্ড সিএসআর বিভাগে পাঠাতে হবে।
এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে প্রত্যেক এজেন্টের একটি চলতি হিসাব রাখতে হবে, যেখানে হিসাবের সর্বোচ্চ স্থিতি হবে ১০ লাখ টাকা। গ্রাহক পর্যায়ে প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ হাজার টাকা নগদ জমা অথবা উত্তোলন করা যাবে এবং দৈনিক সর্বোচ্চ দুবার নগদ উত্তোলন ও দুবার নগদ জমা করা যাবে। অবশ্য অন্তর্মুখী রেমিট্যান্সের ক্ষেত্রে এ উত্তোলনের সীমা প্রযোজ্য হবে না।
বাংলাদেশ ব্যাংক আরও বলেছে, ব্যাংক কোম্পানি আইনের প্রাসঙ্গিক ধারায় ‘ব্যাংক-সংশ্লিষ্ট কোনো ব্যক্তি’কে এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। এ ছাড়া শরিয়াহিভত্তিক পরিচালিত ব্যাংকগুলো কেবল এজেন্ট পর্যায়ে ইসলামি ব্যাংকিং সেবা প্রদান করতে পারবে।
এজেন্ট পর্যায়ে গ্রাহকদের লেনদেনকৃত অর্থ বিমা আচ্ছাদনের আওতায় আনতে হবে।