এজেন্ট ব্যাংকিং চালুর উদ্যোগ
দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত জনগোষ্ঠীকে সাশ্রয়ী ব্যয়ে সীমিত আকারে আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে ‘এজেন্ট ব্যাংকিং’ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেবাটি চালু করা হলে যেসব স্থানে ব্যাংকের শাখা নেই, সেসব প্রত্যন্ত গ্রাম বা এলাকার বাসিন্দারা নিজ পাড়া বা মহল্লায় ব্যাংকের নিযুক্ত এজেন্টের কাছে গিয়ে স্বল্প ব্যয়ে টাকা উত্তোলন ও জমা দেওয়াসহ বেশ কিছু দরকারি আর্থিক সেবা নিতে পারবেন। ব্রাজিল, আর্জেন্টিনা এবং দক্ষিণ আফ্রিকাসহ কয়েকটি দেশে এজেন্ট ব্যাংকিংয়ের সাফল্য থেকে বাংলাদেশ ব্যাংক দেশে নবতর এই আর্থিক সেবা চালুর উদ্যোগ নেয়। প্রস্তাবিত এ সেবার নিরাপত্তা নিশ্চিত এবং সুচারুরূপে পরিচালনার জন্য একটি নীতিমালার খসড়া ইতিমধ্যে প্রস্তুত করেছে কেন্দ্রীয় ব্যাংক। নীতিমালা চূড়ান্ত করার আগে খসড়াটির একটি অনুলিপি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করে বর্তমানে জনসাধারণের মতামত নেওয়া হচ্ছে। এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেছে। আগামী মাসে নীতিমালা চূড়ান্ত হবে বলে বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে। খসড়া নীতিমালায় বলা হয়েছে, এজেন্ট ব্যাংকিংয়ের অর্থ হলো একটি বৈধ এজেন্সি চুক্তির ভিত্তিতে নিয়োগকৃত এজেন্টের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দেওয়া। নিজস্ব বিক্রয় প্রতিষ্ঠান রয়েছে এমন ব্যক্তি বা এনজিও এজেন্ট হতে পারবেন এবং তিনি সংশ্লিষ্ট ব্যাংকের হয়ে গ্রাহককে আর্থিক সেবা দেবেন। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এলাকায় বসবাস করছে, এমন ব্যক্তিরাই এ সেবার টার্গেট গ্রাহক। প্রথমত, দেশের দুর্গম, পাহাড়ি, প্রত্যন্ত ও কম ঘনবসতি এলাকা, যেখানে ব্যাংকিং সুবিধা এখনো পৌঁছায়নি, কিংবা যেখানে ব্যাংকের শাখা খুললেও অর্থনৈতিকভাবে লাভজনক হওয়ার সম্ভাবনা নেই, ওই সব এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা দরিদ্র মানুষকে নির্দিষ্ট এজেন্টের মাধ্যমে সীমিত আকারে ব্যাংকিং সেবা প্রদান হচ্ছে এর লক্ষ্য। দ্বিতীয়ত, শহরের যেসব জনগোষ্ঠী এখনো ব্যাংকিং সেবার আওতায় আসেনি বা যারা ব্যাংকে ঢুকতে এখনো ভয় কিংবা দ্বিধাবোধ করে তাদেরও নির্দিষ্ট এজেন্টের মাধ্যমে ব্যাংকিং সেবার আওতায় আনা। এজেন্টের মাধ্যমে স্বল্প পরিমাণ টাকা নিজ হিসাবে জমা দেওয়া ও উত্তোলনের সুযোগ পাবে গ্রাহক। তোলা যাবে বিদেশ থেকে আসা রেমিট্যান্স। এ ছাড়া এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ছোট আকারের ঋণ বিতরণ ও ঋণের কিস্তি আদায়, বিদ্যুৎ ও অন্যান্য ইউটিলিটি বিল পরিশোধ করা যাবে। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির নগদ অর্থ গ্রহণ করতে পারবে গ্রাহক। এক হিসাব থেকে আরেক হিসাবে অর্থ স্থানান্তর করা যাবে। ব্যাংক হিসাবে কত টাকা জমা রয়েছে, তা জানা যাবে। মিনি ব্যাংক বিবরণী তৈরি ও গ্রহণ, ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়াসংক্রান্ত তথ্যাদি সংগ্রহ, ঋণের জন্য আবেদন, ক্রেডিট ও ডেবিট কার্ডের জন্য আবেদন করারও সুযোগ পাবে গ্রাহক। বিমার প্রিমিয়াম জমা দেওয়া যাবে এ সেবার মাধ্যমে। ইতিমধ্যে অগ্রণী ব্যাংক পরীক্ষামূলকভাবে এজেন্ট ব্যাংকিং চালু করেছে। এর থেকে গ্রাহকেরা সুফল পাচ্ছে বলে জানা গেছে। এজেন্ট ব্যাংকিং প্রসঙ্গে এর নীতিমালা প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের মহাব্যবস্থাপক মো. হুমায়ুন কবীর বাসসকে বলেন, অর্থনৈতিক লাভ-ক্ষতির বিবেচনায় দেশের প্রত্যন্ত বিশেষ করে দুর্গম ও পাহাড়ি এলাকায় ব্যাংকের শাখা পরিচালনা করা সম্ভব হয় না। সেসব এলাকার মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এজেন্ট ব্যাংকিং চালু করা হচ্ছে। খসড়া নীতিমালার ওপর অনেক পরামর্শ ও মতামত পাওয়া যাচ্ছে বলে হুমায়ুন কবীর জানান। তিনি বলেন, জুলাই মাসের মধ্যে নীতিমালাটি চূড়ান্ত করা হবে। ইতিমধ্যে অনেক ব্যাংক ‘এজেন্ট ব্যাংকিং’ চালুর আগ্রহ প্রকাশ করেছে।