এজেন্ট ব্যাংকিং সেবায় ৭ লাখ গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক শাখার বাইরে ব্যাংকের গ্রাহক হয়েছেন ৭ লাখ। তাঁরা সবাই এজেন্ট ব্যাংকিং সেবার গ্রাহক। এজেন্টদের মাধ্যমে গ্রাহকেরা ব্যাংকের ছোট ছোট নানা সেবা গ্রহণ করছেন।

এ পর্যন্ত ১৪ ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবার অনুমোদন নিলেও ১১ ব্যাংক সেবাটি চালু করেছে। গত মার্চ পর্যন্ত এসব সেবার গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১২ হাজার ৪৯৯ জনে। এর মধ্যে ২ লাখ ১২ হাজার ৪৩৮ জনই নারী গ্রাহক। এসব হিসাবে জমা রয়েছে ৪৮১ কোটি টাকা।

এজেন্ট ব্যাংকিংয়ে সবচেয়ে বেশি এজেন্ট, সাব–এজেন্ট ও হিসাবে এগিয়ে রয়েছে ডাচ্‌–বাংলা ব্যাংক। গত মার্চ পর্যন্ত ব্যাংকটি ৪৩৪ এজেন্ট ও ১ হাজার ৪২৩ আউটলেট দিয়েছে। এ সময় পর্যন্ত গ্রাহক হয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৯৯৩ জন। ব্যাংক এশিয়ার এজেন্ট বেড়ে হয়েছে ১ হাজার ১৪০ ও আউটলেট ১ হাজার ১৮২টি। হিসাব খুলেছেন ১ লাখ ৬২ হাজার ৩৭৮ জন।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের গ্রাহক ৪০ হাজার ৭২১, সোস্যাল ইসলামী ব্যাংকের ১০ হাজার ৪৩৩, মধুমতি ব্যাংকের ১ হাজার ৮৮৫, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪ হাজার ৫৭১, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ৪ হাজার ২৩৯, স্টান্ডার্ড ব্যাংকের ২ হাজার ৫৬৬, অগ্রণী ব্যাংকের ৫ হাজার ৬১৮, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২ হাজার ৫২, মিডল্যান্ড ব্যাংকের ৪৩ জন। নতুন করে এ সেবার অনুমোদন নিয়েছে এবি, ইসলামী ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক ২০১৩ সালের ৯ ডিসেম্বর এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনাসংক্রান্ত নীতিমালা জারি করে।