এজেন্ট ব্যাংকিংয়ের অনুমোদন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বাংলাদেশ ব্যাংক দুটি ব্যাংককে এজেন্ট (প্রতিনিধি) ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমোদন দিয়েছে।
এই অনুমোদনের ফলে প্রাথমিকভাবে ব্যাংক এশিয়া সারা দেশে ৩০টি এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংক ২০টি এজেন্ট নিয়োগ করতে পারবে। এজেন্ট ব্যাংকিং হলো, শাখা না খুলে চুক্তি করে প্রতিনিধির মাধ্যমে ব্যাংকিং সেবা দেওয়া। এজেন্টরা ব্যাংকের পক্ষ হয়ে তাদের সেবাকেন্দ্র থেকে ব্যাংকের গ্রাহকদের সীমিত পরিসরে ব্যাংকিং সেবা দেবে।
এই অনুমোদনের আগে ২০১৩ সাল থেকে পাইলট প্রকল্প হিসেবে ব্যাংক এশিয়া মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার বিভিন্ন স্থানে আটটি, লৌহজং থানায় একটি এবং শ্রীনগর থানায় দুটি এজেন্ট নিয়োগ করে তাদের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করছিল। এসব এজেন্ট দুই হাজারের বেশি গ্রাহককে ব্যাংকিং সেবা দিচ্ছে।
এতে শাখা খোলার ব্যয় সাশ্রয় হবে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে আর্থিক সেবা অন্তর্ভুক্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে এজেন্ট ব্যাংকিং জনপ্রিয়তা পাচ্ছে। বাংলাদেশে এটা প্রথম পদক্ষেপ।
দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, পাকিস্তানে এজেন্ট ব্যাংকিং বেশ জনপ্রিয়। পাকিস্তানে মোবাইল অপারেটর কোম্পানিগুলো বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এজেন্ট ব্যাংকিং পরিচালনা করে। স্ট্যালিং ব্যাংক (নাইজেরিয়া) সে দেশে যেসব মানুষ ব্যাংকিং সেবা নিতে পারে না, তাদেরকে এই এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সেবা দিচ্ছে। ভারতও এজেন্ট ব্যাংকিং চালু করার বিষয়ে বেশ কিছুদিন ধরে কাজ করছে৷
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী প্রথম আলোকে বলেন, আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এই এজেন্ট ব্যাংকিং অনুমোদন করা হয়েছে। তিনি বলেন, যেসব মানুষ ব্যাংকিং সেবা নিতে পারেন না, তাদের কাছে অর্থাৎ জনগণের দোড়গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
লেনদেনের সংখ্যা ও আকৃতি কম হওয়ায় পল্লি এলাকার দরিদ্র জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবা প্রদান করা ব্যাংকের জন্য লাভজনক হয় না। এ ক্ষেত্রে এজেন্ট ব্যাংকিং পদ্ধতিতে স্বল্প পরিচালন ব্যয়ের মাধ্যমে ব্যাংকিং সুবিধা প্রদান সম্ভব হবে মনে করেন ব্যাংক এশিয়া। ব্যাংকের ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আরফান আলী এ প্রতিবেদককে বলেন, তাঁদের প্রথম লক্ষ্য হচ্ছে যাঁরা কখনো ব্যাংক সেবা নিতে পারেননি, তাঁদের কাছে এ সেবা পৌঁছে দেওয়া। তিনি বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ (এসএমই) জোগান, ক্ষুদ্রঋণ বিতরণ, স্কুল ব্যাংকিং, সরকারের সামাজিক কল্যাণ খাতে বিতরণ করা আর্থিক সহায়তা ইত্যাকার কাজে আমরা এজেন্ট ব্যাংককে কাজে লাগাতে চাই।’
ব্যাংকের পক্ষে এজেন্ট নগদ টাকার লেনদেন, প্রবাসী আয় বিতরণ, হিসাব খোলার তথ্য সংগ্রহ, ব্যালেন্স বা স্থিতি স্থানান্তর, ক্লিয়ারিং বা ক্রস চেক জমা, ঋণের আবেদন গ্রহণ, ঋণের অর্থ লেনদেন, ঋণ আদায়, ক্রেডিট-ডেবিট কার্ডের আবেদন নিয়ে থাকে।
এ ছাড়া ব্যাংকের এজেন্টরা গ্যাস-বিদ্যুৎ বিল ও পাসপোর্ট ফি, সামাজিক সুরক্ষা বেষ্টনীর আওতায় সরকারি সহায়তার অর্থ বিতরণ করতে পারবে।