এজেন্ট ব্যাংকিংয়ে খরচ কম হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ব্যাংকিংয়ের চেয়ে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ক্ষুদ্রঋণ বিতরণ ও আদায় করলে এই ঋণের খরচ অনেক কমে যাবে।
‘ক্ষুদ্রঋণ কার্যক্রমে মোবাইল ব্যাংকিং’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেছেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল মঙ্গলবার এ সেমিনারের আয়োজন করে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)।

সেমিনারে প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলম বলেন, মোবাইল ব্যাংকিংয়ের পরিবর্তে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ক্ষুদ্রঋণ বিতরণ ও আদায়ের খরচ অনেক কমে যাবে। কেননা, এখানে ব্যাংক ও এজেন্ট—এই দুটি পক্ষ কাজ করবে। কিন্তু মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে ব্যাংক, মোবাইল ফোন অপারেটর ও এজেন্ট—এই তিনটি পক্ষ কাজ করে। ফলে খরচও একটু বেশি হয়। তিনি বলেন, বেসরকারি সংস্থাগুলো (এনজিও) নিজেরা এজেন্ট হিসেবে কাজ করলে এ খরচ আরও কমে যাবে।

আসলাম আলম বলেন, যাঁদের লক্ষ্য করে মোবাইল ব্যাংকিং চালু করা হয়েছে, তাঁদের অনেকেই এখনো এ সুবিধা নিতে পারছেন না। সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের অনেকেই মোবাইল ব্যাংকিং সুবিধা নিতে পারছেন না। কেননা, তাঁদের অনেকেরই মোবাইল ফোন নেই।
সেমিনারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার বলেন, ঋণগ্রহীতাদের সুবিধার কথা ভেবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ক্ষুদ্রঋণ বিতরণ চালু করা হয়। সম্প্রতি এজেন্ট ব্যাংকিংয়ের যে নীতিমালা প্রকাশ করা হয়েছে, তাতে ক্ষুদ্রঋণ বিতরণের বিষয়টি স্পষ্ট করে উল্লেখ রয়েছে। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে এ সেবা দেওয়া গেলে এর সার্ভিস চার্জও কমবে।

প্রসঙ্গত, গত সোমবার এজেন্ট ব্যাংকিংয়ের বিষয়ে পূর্ণাঙ্গ একটি নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
এমআরএর নির্বাহী চেয়ারম্যান খন্দকার মাজহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন ডাচ্-বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন ও বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক প্রজ্ঞা পারমিতা।