এজেন্ট ব্যাংকিংয়ে প্রবাসী আয় বাড়ছে
সময় ও দূরত্বের ব্যবধান ঘুচিয়ে সাশ্রয়ী উপায়ে এজেন্ট ব্যাংকিং চ্যানেল খুব সহজে, দ্রুততার সঙ্গে এবং সুবিধাজনকভাবে দেশের যেকোনো প্রান্তে গ্রাহকের হাতে পৌঁছে দিচ্ছে বিদেশ থেকে পাঠানো টাকা। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে নিজেদের দোরগোড়ায় সেবা পাওয়ার কারণে এ চ্যানেলে রেমিট্যান্স গ্রহণের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী, শুধু জানুয়ারি-মার্চ, ২০২১ সময়ে এজেন্ট ব্যাংকিং চ্যানেল দিয়ে ৫৮ হাজার ৩৯৯ কোটি টাকা রেমিট্যান্স পৌঁছে দেওয়া হয়েছে। ২০১৭ সাল থেকে গত জুন পর্যন্ত ব্যাংক এশিয়া একাই এজেন্ট ব্যাংকিং চ্যানেলে ২২ লাখের বেশি রেমিট্যান্স লেনদেনের মাধ্যমে ৭ হাজার ৬৬২ কোটি টাকা গ্রাহকের হাতে পৌঁছে দিয়েছে।
আমরা লক্ষ করেছি, হিসাবে আসা রেমিট্যান্সের একটি অংশ ডিপিএসে বা মাসিক কিস্তিভিত্তিক জমা হচ্ছে। এতে তাদের সঞ্চয় বাড়ছে। এখন গুরুত্ব দেওয়া প্রয়োজন, যাঁরা আয় পাঠাচ্ছেন এবং সুবিধাভোগীদের কীভাবে আরও উন্নত ব্যাংকিং সেবা দেওয়া যায়। এজেন্ট ব্যাংকিং চ্যানেলে যেসব সেবা ও পণ্য আছে, সেগুলো থেকে তাঁরা কীভাবে আরও বেশি উপকৃত হতে পারেন। যেসব গ্রাহকের অনুকূলে নিয়মিতভাবে রেমিট্যান্স আসে, তাঁদের চাহিদামাফিক ঋণ প্রদান করা যেতে পারে। ব্যাংক এশিয়া এরই মাঝে এ রকম একটি সেবা চালু করার উদ্যোগ গ্রহণ করেছে।
এছাড়া আমাদের রয়েছে দেশব্যাপী ৩০ হাজারের বেশি নিবন্ধিত মাইক্রো-মার্চেন্ট। এসব মাইক্রো-মার্চেন্টের মাধ্যমেও গ্রাহকেরা যেন রেমিট্যান্সের টাকা উত্তোলন করতে পারেন, সে লক্ষ্যে আমরা কাজ করছি। বৈধ পথে রেমিট্যান্স আসার ক্ষেত্রে এজেন্ট ব্যাংকিং চ্যানেল একটি বিশাল দ্বার উন্মোচন করেছে।
মো. আরফান আলী: ব্যবস্থাপনা পরিচালক, ব্যাংক এশিয়া