বিআইবিএমের সেমিনারে খোন্দকার ইব্রাহিম খালেদ
এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে হুন্ডির প্রবণতা বাড়ছে
এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে হুন্ডি ব্যবসার প্রবণতা বাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ। তিনি বলেন, একধরনের গোপনীয় এজেন্ট ব্যাংকিং শুরু হয়েছে, যারা হুন্ডি ব্যবসা চালিয়ে যাচ্ছে। ক্রমেই তাদের সংখ্যা বাড়ছে। দেশের স্বার্থে গোপন এজেন্ট ব্যাংকিংয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ‘এজেন্ট ব্যাংকিং: আর্থিক অন্তর্ভুক্তিতে কার্যকারিতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে গতকাল রোববার বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন খোন্দকার ইব্রাহিম খালেদ। মিরপুরে বিআইবিএম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএমের পরিচালক ও অধ্যাপক প্রশান্ত কুমার ব্যানার্জি।
প্রবন্ধ উপস্থাপনায় বলা হয়, ছোট ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিংয়ের সর্বোচ্চ ২৯ শতাংশ গ্রাহক ছোট ব্যবসায়ীরা। এরপরই রয়েছে গৃহিণীদের অবস্থান। এই সেবার ১৮ শতাংশ গ্রাহক বর্তমানে গৃহিণী। এ ছাড়া সরকারি-বেসরকারি চাকরিজীবী, কৃষক ও শিক্ষার্থীদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে এজেন্ট ব্যাংকিং সেবা।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এজেন্ট ব্যাংকিংয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। মোট গ্রাহকের ২৪ শতাংশ এ অঞ্চলের বাসিন্দা। এর পরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ। ১৮ শতাংশ গ্রাহক চট্টগ্রামের বাসিন্দা। আর তৃতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ২০১৪ সালের জুনে ব্যাংকিং খাতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরুর অনুমোদন দেয়। সর্বশেষ ১২টি ব্যাংক আড়াই হাজার এজেন্টের মাধ্যমে এ ধরনের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।
এস কে সুর চৌধুরী বলেন, বেশ কয়েকটি ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্স নিলেও হাতে গোনা কয়েকটি পুরোদমে এই কার্যক্রম পরিচালনা করছে। এ সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন। তিনি আরও বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের ৮২ শতাংশ গ্রাহক প্রত্যন্ত অঞ্চলের, যা আর্থিক অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী বলেন, মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং ও স্কুল ব্যাংকিংয়ের জন্য একটি সমন্বিত নীতিমালা দরকার। আর্থিক শিক্ষা দিতে না পারলে এজেন্ট ব্যাংকিং টিকবে না বলে মন্তব্য করেন তিনি।
ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরীন বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে হুন্ডি কার্যক্রম চললেও এটি মোবাইল ব্যাংকিংয়ের চেয়ে নিরাপদ। কারণ এজেন্ট ব্যাংকিংয়ে লেনদেনে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং বিআইবিএমের অধ্যাপক হেলাল আহমদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও বিআইবিএমের অধ্যাপক ইয়াছিন আলী প্রমুখ।