এজেন্ট হতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না
বিদেশি শিপিং কোম্পানি, এয়ারলাইনস, স্টক ব্রোকারেজ ফার্ম, কুরিয়ার সার্ভিসেস, রেলওয়ে কোম্পানি, স্যাটেলাইট চ্যানেল, ট্যুর অপারেটর, ফ্রেইট ফরওয়ার্ডিংসহ বিশ্বের বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করছে দেশের অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান। এসব কাজের বিপরীতে এজেন্ট কমিশন হিসেবে প্রাপ্ত বিদেশি মুদ্রা দেশে আনার ক্ষেত্রে কোনো বাধা নেই।
তবে স্থানীয় এসব এজেন্টের কাজের সম্মানী, মাশুল, সেবা মাশুলসহ সব ধরনের কমিশন হিসেবে প্রাপ্ত অর্থ যথা সময়ে দেশে আনার জন্য অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে কিছু বিষয় মেনে চলার জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, এজেন্ট কমিশন হিসেবে প্রাপ্ত বিদেশি মুদ্রা দেশে আনার ক্ষেত্রে এডি ব্যাংকগুলোকে এজেন্সি চুক্তি ও এজেন্ট হিসেবে কাজ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে প্রাপ্ত নিবন্ধন বা অনুমোদনপত্রের প্রতিলিপিসহ গ্রাহকের নথিপত্র সংরক্ষণ করতে হবে। তা ছাড়া এজেন্টের সঙ্গে বিদেশি কোম্পানির চুক্তি অনুযায়ী মাসভিত্তিক পাওনা দ্রুত দেশে আনার ক্ষেত্রেও এডি ব্যাংকগুলোকে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তবে এজেন্ট কমিশন হিসেবে বিদেশি মুদ্রা দেশে আনার ক্ষেত্রে অর্থ পাচার ও জঙ্গি অর্থায়ন প্রতিরোধ এবং কর-সংক্রান্ত সব নির্দেশনা সতর্কতার সঙ্গে পরিচালনা করার কথাও বলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।