এজেন্সি কমিশনের হার ইডরা কর্তৃক নির্ধারণ চায় বিআইএ
বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইডরা) কর্তৃক দ্রুত এজেন্সি কমিশনের হার নির্ধারণ করার তাগিদ দিয়েছে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)। বিমা-শিল্পে এজেন্সি কমিশন নিয়ে সৃষ্ট অস্থিরতা দূর করতে এই তাগিদ দেওয়া হয়। আজ সোমবার বিআইয়ের কার্যনির্বাহী কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ তাগিদ দিয়ে বিআইয়ের চেয়ারম্যান মো. শেখ কবির হোসেন ‘সৃষ্ট অস্থিরতা দূর এবং বিমা শিল্পের উন্নয়নের স্বার্থে’ সম্ভব হলে আগামী তিন দিনের মধ্যে ইডরাকে এ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কবির হোসেন বলেন, বিমা আইন ২০১০-এর ৫৯(৩) ধারা অনুযায়ী কর্তৃপক্ষ (ইডরা) এজেন্সি কমিশনের হার নির্ধারণ করে দেওয়ার বিধান রয়েছে। তিনি অভিযোগ করেন, বিমা কর্তৃপক্ষ যথাসময়ে যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। ইডরাকে বারবার বলা হলেও এই হার নির্ধারণ না করায় বাংলাদেশের বিমা-শিল্পে বর্তমানে একপ্রকার অস্থিরতা সৃষ্টি হয়েছে।সংবাদ সম্মেলনে বিমা-শিল্পের সার্বিক পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখযোগ্য করে তা দ্রুত অবসানেরও দাবি করেন কবির হোসেন। একই সঙ্গে বিআইয়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী কোম্পানির সব চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের বিমা কর্তৃপক্ষ কর্তৃক কমিশনের হার নির্ধারিত না হওয়া পর্যন্ত কোনোরূপ এজেন্সি কমিশন পরিশোধ করা থেকে বিরত থাকারও অনুরোধ জানান তিনি। এ ছাড়া বিমাগ্রাহকদেরও বিমা-শিল্পের উন্নয়নের স্বার্থে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।কবির হোসেন সংবাদ সম্মেলনে বলেন, সরকারের সদিচ্ছায় বিমা আইন, ২০১০ গৃহীত হয়। এর সফল বাস্তবায়নের জন্য ইডরা গঠন করা হয়। ইডরা গঠিত হওয়ার পর বিমা-শিল্পের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়, যার সুফল বিমা-সংশ্লিষ্টরা ভোগ করছেন। তবে সম্প্রতি এজেন্সি কমিশনের হার নির্ধারণে ইডরার দীর্ঘসূত্রতা হতাশাব্যঞ্জক বলে মন্তব্য করেন তিনি।কবির হোসেন জানান, ১৯৩৮ সালে বিমা আইন অনুসারে বিমা-শিল্পে দীর্ঘ দিন ধরে ১৫ শতাংশ ও ১০ শতাংশ হারে এজেন্সি কমিশন দেওয়া হতো। কিন্তু ২০১০ সালে নতুন করে বিমা আইন তৈরি হওয়ায় আগের আইনটি (১৯৩৮ সালের বিমা আইন) বাতিল হয়ে যায়। এর পরও বিমা কোম্পানিগুলো প্রচলিত হারে এজেন্সি কমিশন পরিশোধ করে আসছিল। কিন্তু গত ১৫ জানুয়ারি বিমা কর্তৃপক্ষ এক প্রজ্ঞাপনের (৩০) মাধ্যমে এজেন্সি কমিশন পরিশোধের ব্যাপারে কিছু নিয়মকানুন বেঁধে দেয়। তাতে নির্দেশনা দেওয়া হয়, আইনত পরিশোধযোগ্য হলেই কেবল এজেন্সি কমিশন পরিশোধ করা যাবে।কবির হোসেন উল্লেখযোগ্য করেন, এখানেই বিমা-শিল্পের সমস্যাটি তৈরি হয়েছে। কারণ বিমা কর্তৃপক্ষ ওই কমিশন কীভাবে এবং কোন হারে দেওয়া হবে, তা নির্ধারণ করে দেয়নি। এমন পরিস্থিতিতে বিমা-শিল্পের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। অনেকে এলসি খুলতে পারছেন না, কমিশন পরিশোধ করতে পারছেন না। আর এ কারণেই মূল সমস্যার সৃষ্টি হচ্ছে বলে মনে করেন বিআইয়ের চেয়ারম্যান।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, গ্রিন ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক নাসিম এ চৌধুরী, ক্রিস্টাল ইনস্যুরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ, মেঘনা লাইফ ও কর্ণফুলী ইনস্যুরেন্সের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, কর্ণফুলী ইনস্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, রিপাবলিক ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক পি কে রায় প্রমুখ।