এটিএম ও অনলাইনে সেবা নিতে পরামর্শ দিচ্ছে ব্যাংকগুলো
করোনাভাইরাস প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া গ্রাহকদের ব্যাংক শাখায় না যাওয়ার পরামর্শ দিচ্ছে ব্যাংকগুলো। তার পরিবর্তে টাকা উত্তোলনের জন্য এটিএম বুথ ব্যবহার ও অন্যান্য সেবার জন্য অনলাইন প্লাটফর্ম ব্যবহারের পরামর্শ দিচ্ছে।
গত বৃহস্পতিবার থেকে এসব বার্তা দিয়ে ব্যাংকগুলো গ্রাহকদের এসএমএস পাঠানো শুরু করেছে। আজ শনিবারও কয়েকটি ব্যাংক তাদের গ্রাহকদের এমন বার্তা দিয়ে এসএমএস করেছে। পাশাপাশি সব ব্যাংকই কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে, করোনা প্রতিরোধ সম্পর্কে গ্রাহকদের সতর্ক করতে পদক্ষেপ নিয়েছে। নিজেদের ওয়েসাইট ও ফেসবুক পেজে এ সম্পর্কিত তথ্য দিয়েছে।
ঢাকা ব্যাংক গ্রাহকদের বলেছে, ‘করোনাভাইরাসের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপনাদের দৈনন্দিন লেনদেন শাখা ব্যাংকিংয়ের বিকল্প হিসেবে এটিএম, পয়েন্ট অব সেলস (পিওএস), ঢাকা ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল অ্যাপসের মাধ্যমে সম্পন্ন করার জন্য বিনীত অনুরোধ করছি। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।’
সিটি টাচ এটিএম ও সিটি টাচ অ্যাপসের মাধমে গ্রাহকদের সেবা নিতে বার্তা পাঠিয়েছে সিটি ব্যাংক। পাশাপাশি ব্যাংকটি জরুরি প্রয়োজন ছাড়া প্রধান কার্যালয়ে আসতে গ্রাহকদের নিরুৎসাহিত করছে।
প্রাইম ব্যাংক স্বাস্থ্যসতর্কতা ও সবার কল্যাণের জন্য গ্রাহকদের সেবার বিকল্প মাধ্যম ব্যবহার করতে বলেছে। ব্যাংকের লাইন পরিহার করে, কারও কাছে না গিয়ে ইন্টারনেট ব্যাংকিং ব৵বহার করে সহজেই ঘরে বসে সেবা নেওয়ার পরামর্শ দিয়েছে ব্যাংকটি।
এদিকে করোনাভাইরাসের কারণে ব্যাংকগুলোতে গ্রাহকদের চাপ কমে গেছে। ব্যাংকগুলোতে নগদ লেনদেন ও চেকের পরিমাণ কমে আসায় কার্যক্রম সীমিত করার দাবি উঠেছে। ব্যাংকগুলো বলছে, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা ছাড়া কার্যক্রম সীমিত করার সুযোগ নেই। বর্তমানে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যাংকিং সেবা পাওয়া যায়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে কাল রোববার এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।