এটিএম ও মোবাইল ব্যাংকিং সেবা নিরবচ্ছিন্ন রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহার ছুটিতে সব ব্যাংকের এটিএম বুথ, পয়েন্ট অব সেলস (পিওএস), ই-পেমেন্ট গেটওয়ে ও মোবাইল ব্যাংকিং সেবায় নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার এ বিষয়ে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপনে ছুটির সময় সব ব্যাংকের এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহ, এটিএম বুথে সার্বক্ষণিক পাহারাদারের সতর্ক অবস্থান ও অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। এ ছাড়া অনলাইন ই-পেমেন্ট গেটওয়েতে কার্ডভিত্তিক লেনদেনের ক্ষেত্রে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ ব্যবস্থা চালু রাখা এবং ছুটি চলাকালীন যেকোনো অঙ্কের লেনদেনে গ্রাহকদের মুঠোফোনে বার্তা পাঠানোসহ সার্বক্ষণিক হেল্পলাইন-সুবিধা প্রদানের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
অপর এক প্রজ্ঞাপনে তফসিলি ব্যাংকগুলোর সব শাখার নিরাপত্তা নিশ্চিতকরণে ও আইটি ঝুঁকি মোকাবিলায় ইস্যুকৃত গাইডলাইন মেনে চলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে ব্যাংকের সব বুথ ও শাখা অফিসে লেনদেনে সাইবার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে পালাক্রমে তদারকির ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ঈদুল আজহা উপলক্ষে ৯ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে। তবে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের জন্য আগামী শনি ও রোববার পোশাক শিল্পঘন এলাকায় তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে। সরকারি ছুটি হওয়ায় এদিন অফিসে যোগদানকারী ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের যুক্তিসংগত ভাতা প্রদানের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।