এটিএম কার্ডে বাংলালিংকের সিমে রিচার্জ সুবিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকের এটিএম মেশিনের মাধ্যমে মুঠোফোন রিচার্জ করার সুবিধা নিয়ে এসেছে মুঠোফোন অপারেটর বাংলালিংকও। ক্রেডিট কার্ডের মাধ্যমে এটিএম মেশিনে টাকা তোলার মতোই নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এ রিচার্জ করা যাবে।
রিচার্জ করতে এটিএম মেশিনে কার্ড প্রবেশ করালেই একটি বাড়তি অপশন (প্রক্রিয়া) দেখতে পাবেন গ্রাহক। নির্দেশনা অনুযায়ী পাসওয়ার্ড, রিচার্জের পরিমাণ (টাকা) উল্লেখ করে প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন গ্রাহক। সর্বপ্রথম মুঠোফোন অপারেটর রবি বাংলাদেশে এ সুবিধা চালু করে।
বাংলালিংক এ সেবা দিতে ইনফরমেশন টেকনোলজি কনসালট্যান্টস লিমিটেডের (আইটিসিএল) সঙ্গে চুক্তি করেছে। রাজধানীতে বাংলালিংকের প্রধান কার্যালয়ে গত সোমবার এক অনুষ্ঠানে এ চুক্তি হয়।
সোমবার থেকেই চালু হওয়া সেবাটির মাধ্যমে বাংলালিংকের গ্রাহকেরা ক্রেডিট কার্ড ব্যবহার করে কিউ-ক্যাশ নেটওয়ার্কভুক্ত দুই হাজারের বেশি এটিএম থেকে মুঠোফোনে ব্যালান্স রিচার্জ করতে পারবেন। প্রি-পেইড ও পোস্টপেইড—উভয় গ্রাহকই এ সুবিধা ব্যবহার করতে পারবেন। দিনরাত ২৪ ঘণ্টা এ সেবা পেতে অতিরিক্ত কোনো খরচ লাগবে না। আইটিসিএল হলো এ দেশের বৃহত্তম পেমেন্ট গেটওয়ে কিউ-ক্যাশের স্বত্বাধিকারী। বর্তমানে কিউ-ক্যাশ পেমেন্ট প্রসেসিং কনসোর্টিয়ামে ৩৫টির বেশি ব্যাংক যুক্ত রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলালিংকের বিপণন পরিচালক সোলায়মান আলম, আইটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক কাজী সাইফুদ্দীন মুনিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলালিংকের মার্কেটিং ডিরেক্টর সোলায়মান আলম অনুষ্ঠানে বলেন, ‘বাংলালিংকের টপ আপ সেবা এখন আগের চেয়ে অনেক বেশি সুবিধাজনক ও স্বাচ্ছন্দ্যময়। একটি গ্রাহকমুখী কোম্পানি হিসেবে বাংলালিংক সব সময় গ্রাহকদের জন্য নিত্যনতুন সুযোগ-সুবিধা দিয়ে আসছে।’