এটিএম জালিয়াতি রোধে চাই নিরাপদ তথ্যপ্রযুক্তি
এটিএম জালিয়াতি রোধ করতে নিরাপদ তথ্যপ্রযুক্তি ও দক্ষ জনবলের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। এ ছাড়া ব্যাংকের মোট ব্যয়ের ১০ শতাংশ এটিএম খাতে বরাদ্দের পরামর্শ দিয়েছেন তাঁরা। পাশাপাশি তাঁরা এটিএম ও পয়েন্ট অব সেলস (পস) মেশিনে নজরদারি বাড়ানোর কথা বলেছেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল মঙ্গলবার মিডিয়া ইনস্টিটিউট ফর স্কিল ডেভেলপমেন্ট (এমআইএসডি) আয়োজিত ‘এটিএম ব্যাংকিং: তথ্যপ্রযুক্তি ও গ্রাহকদের নিরাপত্তা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মুহম্মদ মাহবুব আলী। আলোচনায় অংশ নেন সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার ও অর্থ সম্পাদক মুহাম্মদ মাইনুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক শাহ জিয়াউল হক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমআইএসডির সভাপতি গোলাম শাহানি।
মূল প্রবন্ধে বলা হয়, এটিএম জালিয়াতির ঘটনা রোধে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা প্রয়োজন। এ ছাড়া এটিএম মেশিন যে বিদেশ থেকে আনছে তা বৈধভাবে আসছে কি না তা-ও পরীক্ষা করে দেখা উচিত। এটিএম ব্যাংকিংয়ে জালিয়াতি বন্ধ করতে হলে এই মেশিন পরীক্ষা করতে হবে।