এটিএম থেকে টাকা তোলার সীমা বাড়াল আরবিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএম বুথ থেকে রুপি তোলার দৈনিক সীমা বাড়াল রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় আরবিআই।

১ জানুয়ারি থেকে প্রতিদিন ডেবিট কার্ডে তোলা যাবে সাড়ে চার হাজার রুপি পর্যন্ত, যা এখন আড়াই হাজার রুপি। তবে ব্যাংক ও এটিএম মিলিয়ে সপ্তাহে ২৪ হাজার টাকা পর্যন্ত তোলার যে সীমা রয়েছে, তা একই থাকছে।

এদিকে বাতিল নোট রাখা বা লেনদেনের অপরাধে জরিমানার শাস্তি দিতে মোদি সরকারের অধ্যাদেশে সই করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। অধ্যাদেশ অনুযায়ী, ৩১ মার্চের পর কারও কাছে ১০টির বেশি বাতিল নোট থাকলে বা তা লেনদেনের চেষ্টা করলে জরিমানা হবে। ৩০ ডিসেম্বর পর্যন্ত যাঁরা বিদেশে ছিলেন, তাঁরাও ৩১ মার্চ পর্যন্ত রিজার্ভ ব্যাংকে টাকা জমা দিতে পারবেন। অনাবাসী ভারতীয়রা ওই সুযোগ পাবেন ৩০ জুন পর্যন্ত। এ ছাড়া রিজার্ভ ব্যাংকে নোট জমার সময় ভুল তথ্য দিলে ৫০ হাজার টাকা বা আরও বেশি জরিমানা করা হবে।

কালোটাকা প্রতিরোধে গত ৮ নভেম্বর এক ঘোষণায় ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করে মোদি সরকার। জনগণকে ব্যাংক থেকে নোট বদলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।