এটিএম থেকে বেতন তুলবেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের বেতনভাতা এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথ থেকে তুলতে পারবেন। বাংলাদেশ ব্যাংক চত্বরে গতকাল ডাচ্-বাংলা ব্যাংকের একটি এটিএম বুথ স্থাপন করার ফলে এ সুযোগ তৈরি হয়েছে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ডিবিবিএল নেক্সাস কার্ড ব্যবহার করে টাকা উত্তোলনের মাধ্যমে গতকাল রোববার এই এটিএম বুথের উদ্বোধন করেন।অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মুর্শিদ কুলী খান এবং ডাচ্-বাংলা ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সায়েম আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ ও উপব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এই এটিএম বুথটি বাংলাদেশ ব্যাংকের কম্পিউটারাইজড ডেটাবেইজের সঙ্গে যুক্ত থাকবে এবং এই ডেটাবেইস ডেবিট কার্ড ব্যবহারের মাধ্যমে অনলাইনে এটিএম লেনদেন সম্পন্ন করবে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অফিস চত্বরে স্থাপিত এটিএম বুথসহ ডাচ্-বাংলা ব্যাংকের এক হাজার ১০০টি এটিএম বুথ থেকে বেতন তুলতে পারবেন।আতিউর রহমান গ্রাহকদের দোরগোড়ায় অল্প খরচে অত্যাধুনিক অনলাইন ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ডাচ্-বাংলা ব্যাংকের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন। বিজ্ঞপ্তি।