এটিএম বুথ স্থাপনে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথসহ কোনো ইলেকট্রনিক বুথ স্থাপনে আর বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নিতে হবে না।
আবার ব্যাংকের শাখা বা অন্য কাজে ভবন ভাড়া বা ইজারা নেওয়ার জন্য একবার কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিলে পরবর্তী সময়ে নবায়নের জন্য আর অনুমতির প্রয়োজন হবে না।
বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার নতুন এক প্রজ্ঞাপনে এসব নির্দেশনা ব্যাংকগুলোকে পাঠিয়েছে। প্রজ্ঞাপনটি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
এত দিন ২০১২ সালে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা ব্যাংকের ব্যবসা কেন্দ্র স্থাপনসংক্রান্ত নীতিমালা অনুসারে এটিএম বুথ স্থাপন ও স্থাপনা ভাড়া নিত ব্যাংকগুলো। ওই নীতিমালা সংশোধন করা হয়েছে।
এটিএম বুথ স্থাপনের ভাড়া ও খরচের ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন লাগবে। আর বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে ভাড়া বা অন্য খরচের বিষয়ে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট বুথের কার্যক্রম বন্ধ করা হবে বলে ব্যাংকগুলোকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এ ধরনের বুথে ইলেকট্রনিক লেনদেন ছাড়া অন্য কোনো ধরনের ব্যাংকিং লেনদেন করা যাবে না।
অন্যদিকে বিদ্যমান নীতিমালা অনুযায়ী, ব্যাংকের যেকোনো ধরনের স্থাপনা ভাড়া বা ইজারা নেওয়া ও নবায়নের জন্য পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের কপিসহ বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হতো। এখন থেকে ভাড়া বা ইজারা নেওয়ার ক্ষেত্রে একবার অনুমতি নেওয়ার পর পরবর্তী নবায়ন যদি তিন বছর ও তার বেশি সময়ের জন্য সর্বোচ্চ ভাড়া সীমা ১৫ শতাংশের মধ্যে সীমিত থাকে, সে ক্ষেত্রে আর অনুমতি নিতে হবে না। তবে ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাড়া নবায়নের অনুমোদন দেওয়ার এক মাসের মধ্যে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগকে জানাতে হবে।