এটিএম বুথে টাকা মিলতে পারে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক অবরোধ-সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে অটোমেটেড টেলার মেশিনের (এটিএম) টাকা সরবরাহ করার ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে।
নিরাপত্তাহীনতায় গত কয়েক দিনে ব্যাংকগুলো টাকা সরবরাহ করতে না পারায় রাজধানীসহ সারা দেশের এটিএম বুথগুলো এখন টাকাশূন্য হয়ে পড়েছে।
এটিএম সেবাদানকারী ব্যাংকগুলোকে নিয়ে গতকাল মঙ্গলবার একটি বৈঠক করেছে কেন্দ্রীয় ব্যাংক। বৈঠকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আজ থেকে এটিএম বুথে টাকা সরবরাহ করার কথা বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার প্রথম আলোকে বলেন, নিরাপত্তাহীনতার কারণে ব্যাংকগুলো এটিএম বুথে টাকা সরবরাহ করতে পারছে না। এতে সাময়িক সমস্যা দেখা দিয়েছে। ব্যাংকগুলোকে বলা হয়েছে, তারা পর্যাপ্ত পুলিশ পাহারায় বুথগুলোতে টাকা সরববরাহ করবে।
আবার পুরোনো টাকা যাচাই-বাছাই করে বুথে দিতে সময় লাগবে বিবেচনা করে এটিএমের জন্য বাংলাদেশ ব্যাংক নতুন টাকা ব্যাংকগুলোকে সরবরাহ করবে বলে জানান দাশগুপ্ত অসীম। বুধবার থেকে সব এটিএম বুথে প্রয়োজনীয় টাকা পাওয়া যাবে বলে তিনি জানান।
এটিএম বুথে গত কয়েক দিনে টাকা না পাওয়ার বিষয়ে গতকাল বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়। গতকাল এই পরিস্থিতি আরও খারাপ হয়। রাজধানীসহ সারা দেশের এটিএম বুথে টাকা না পেয়ে বিভিন্ন পর্যায় থেকে বাংলাদেশ ব্যাংকেও অভিযোগ আসে। এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি বিভাগ এটিএম সেবাদানকারী ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করে।