এটিএম বুথে হয়রানি রোধে কেন্দ্রীয় ব্যাংকের দল মাঠে নামছে
এটিএম বুথের মাধ্যমে ব্যাংকের গ্রাহকদের যেকোনো ধরনের হয়রানি ও প্রতারণা ঠেকাতে বাংলাদেশ ব্যাংক আরও সক্রিয় হচ্ছে। এ লক্ষ্যে এটিএম বুথে পরিদর্শন কার্যক্রম জোরদারে বিশেষ একটি পরিদর্শন দল মাঠে নামছে। খবর বাসসের। পরিদর্শনকালে বুথগুলোতে জাল ও ছেঁড়া নোট রাখা, সেবাদানের পুরো বিষয়টি ভিডিও হচ্ছে কি না, যন্ত্রগুলো ঠিকমতো কাজ করছে কি না এসব বিষয় খতিয়ে দেখা হবে। গ্রাহক হয়রানি ও প্রতারণা বন্ধে কেন্দ্রীয় ব্যাংকে নবগঠিত ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটি ও কাস্টমার সার্ভিসেস বিভাগের একটি দল এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে। আগামী সপ্তাহ থেকে পরিদর্শন কার্যক্রম শুরু হচ্ছে।এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার বাসসকে বলেন, ‘কোরবানির ঈদ ও পূজা সামনে রেখে নগদ টাকার চাহিদা বেড়ে যাওয়ায় এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের প্রবণতা বেড়েছে। এ সুযোগে জালনোটের চক্রগুলো বাজারে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এ বিষয়টি বিবেচনায় রেখে গ্রাহকদের যেকোনো ধরনের প্রতারণা ঠেকাতে আমরা পরিদর্শন কার্যক্রম জোরদার করছি।’ অসীম কুমার আরও বলেন, ব্যাংকের কোনো কর্মকর্তার কারসাজির মাধ্যমে এটিএম বুথে জাল ও ছেঁড়া নোট যাতে ঢুকতে না পারে, এ বিষয়টিও পর্যবেক্ষণে রাখা হচ্ছে। উল্লেখ্য, গত কয়েক বছর কোরবানির পশু কিনতে নগদ টাকা বহন না করে এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের প্রবণতা বেড়েছে। ব্যাংকগুলোও পশুরহাটে ভ্রাম্যমাণ বুথ স্থাপন করে থাকে। বর্তমানে দেশে বিভিন্ন ব্যাংকের তিন হাজারের বেশি এটিএম বুথ রয়েছে। তবে এটিএম বুথের সেবা পেতে গ্রাহকেরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন বলে বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ রয়েছে। কারিগরি ত্রুটির কারণে টাকা কেটে রাখার ঘটনা ঘটছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আইসিটি খাতের অনিয়ম ও প্রতারণা দূর করতে কেন্দ্রীয় ব্যাংকে কারিগরি সেবা বিভাগ গঠন করা হয়েছে।