এটিএমের মাধ্যমে রিচার্জ সুবিধা আনল রবি

এটিএম মেশিনের মাধ্যমে গ্রাহকদের রিচার্জ সুবিধা দিতে যাচ্ছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। ১৬ ডিসেম্বর থেকে সেবাটির বাণিজ্যিক যাত্রা শুরু হবে। আজ বৃহস্পতিবার এ বিষয়ে আইটি কনসালটেন্টস লিমিটেডের (আইটিসিএল) সঙ্গে রবি একটি চুক্তি সই করেছে।
আজ রবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাস্ট ও যমুনা ব্যাংকের গ্রাহকেরা এটিএম কার্ডের মাধ্যমে যেকোনো রবি প্রি-পেইড নাম্বার রিচার্জ করতে পারবেন। কয়েক সপ্তাহের মধ্যেই পোস্ট-পেইড বিল দেওয়ার সুযোগও পাবেন গ্রাহকেরা।
রবি আজিয়াটা লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ এবং আইটিসিএলের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও কাজী সাইফুদ্দিন মুনীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। রবির এমডি ও সিইও সুপুন বীরাসিংহে, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস এম আকরাম সাঈদ এবং যমুনা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ কে এম সাইফুদ্দিন আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন রবির সেলস অ্যান্ড সার্ভিসেস ডেভেলপমেন্ট মার্কেটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নজির আহমেদ, সেলস অ্যান্ড সার্ভিসেস ইমার্জিং মার্কেটের ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মেহেদী হাসান, মার্কেট ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট এইচ এম তরিকুল কামরুল এবং মার্কেট ডেভেলপমেন্টের জিএম মোশাররফ আলম খান ইয়াফি।