সরকার ২০০৯-১০ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আয়তন দুই হাজার কোটি টাকা কমিয়েছে। এর ফলে সংশোধিত এডিপির আয়তন দাঁড়াল ২৮ হাজার ৫০০ কোটি টাকা। খবর ইউএনবির।গতকাল মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের এক সভায় সংশোধিত এডিপি অনুমোদিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সচিবেরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খোন্দকার সাংবাদিকদের জানান, আয়তন কমলেও এডিপিতে উন্নয়ন প্রকল্পের সংখ্যা ৮৮৬টি থেকে বাড়িয়ে এক হাজার ৫৮টি করা হয়েছে। মন্ত্রী আরও জানান, সংশোধিত এডিপিতে ১৭ হাজার ২০০ কোটি টাকা আসবে সরকারি তহবিল থেকে, যা মোট এডিপির ৬০ দশমিক ৩৫ শতাংশ। বাকি ৩৯ দশমিক ৬৫ শতাংশ বা ১১ হাজার ৩০০ কোটি টাকা আসবে প্রকল্প-সহায়তা হিসেবে। এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী জানান, জুলাই-জানুয়ারি সময়কালে অর্থাত্ অর্থবছরের প্রথম সাত মাসে এডিপির বাস্তবায়ন হয়েছে ৩৫ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৩১ শতাংশ।টাকার অঙ্কে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে এডিপির ১০ হাজার ৬৫২ কোটি টাকা ব্যয় হয়েছে, যেখানে গত অর্থবছর ব্যয় হয়েছিল সাত হাজার ৮২৯ কোটি টাকা।সংশোধিত এডিপিতে ৫৭১ কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে। প্রকল্পগুলোতে অর্থসংকট দেখা দিলে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি মোকাবিলায় গৃহীত প্রকল্পে অর্থ দরকার হলে থোক বরাদ্দ থেকে সমন্বয় করা হবে।সাড়ে ২৮ হাজার কোটি টাকার সংশোধিত এডিপিতে শিক্ষা ও ধর্ম খাতে সর্বোচ্চ চার হাজার ২৫৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া পল্লী উন্নয়নে তিন হাজার ৯৩৯ কোটি টাকা, পরিবহনে তিন হাজার ৮৭৮ কোটি, বিদ্যুত্, তেল-গ্যাস ও প্রাকৃতিক সম্পদ খাতে তিন হাজার ৫৪৬ কোটি, স্বাস্থ্য খাতে দুই হাজার ৯৮১ কোটি, ভৌত অবকাঠামো খাতে দুই হাজার ৯৭২ কোটি এবং কৃষি খাতে দুই হাজার ৯৬৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি অর্থবছর মূল এডিপিতে ৮৮৬টি উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত ছিল। গত অর্থবছর ছিল ৯০৪টি।গত অর্থবছর সংশোধিত এডিপির আয়তন ছিল ২৩ হাজার কোটি টাকা। এর বিপরীতে শেষ পর্যন্ত বাস্তবায়ন করা গেছে ১৯ হাজার ৬৬৮ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, যা মোট বরাদ্দের ৮৬ শতাংশ। এর আগে তত্ত্বাবধায়ক সরকার গত অর্থবছরের জন্য ২৫ হাজার ৬০০ কোটি টাকার মূল এডিপি নির্ধারণ করে। পরবর্তী সময়ে এই সরকার এসে তা কমিয়ে আনে।