এডিপি কাটছাঁট হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের প্রভাবে এলোমেলো হয়ে গেছে অর্থনীতির সব সূচক। কমে গেছে সরকারের রাজস্ব আদায়ের গতিও। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতিও বেশ মন্থর। ফলে চলতি অর্থবছরের ছয় মাস না পেরোতেই বোঝা যাচ্ছে, উন্নয়ন বাজেটে বরাদ্দ দেওয়া টাকা পুরোপুরি খরচ হচ্ছে না। এমন পরিস্থিতিতে এডিপি সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে পরিকল্পনা কমিশন। অবশ্য প্রতি অর্থবছরের মাঝামাঝি এসে বাজেট সংশোধন করে সরকার।

তবে অন্যবারের চেয়ে এ বছর এডিপি সংশোধনে পার্থক্য রয়েছে। গত দুই অর্থবছরের মূল এডিপিতে যে টাকা রাখা হয়েছিল, মন্ত্রণালয়গুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে সংশোধিত এডিপিতে কোনো কাটছাঁট করা হয়নি। কিন্তু করোনার প্রভাবে চলতি অর্থবছর মন্ত্রণালয়গুলো বরাদ্দের পুরো টাকা যে খরচ করতে পারবে না, তা এরই মধ্যে আভাস মিলেছে।

৫৪ মন্ত্রণালয় ও বিভাগকে ১২ জানুয়ারির মধ্যে আর্থিক চাহিদার বিষয়টি পরিকল্পনা কমিশনকে জানাতে বলা হয়েছে।

এ কারণ সম্প্রতি সরকারের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগে একটি নির্দেশনা পাঠিয়েছে পরিকল্পনা কমিশন। ১২ জানুয়ারির মধ্যে মন্ত্রণালয়গুলোকে তাদের আর্থিক চাহিদা পরিকল্পনা কমিশনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের একাধিক সূত্র বলছে, সব মন্ত্রণালয়ের কাছ থেকে আর্থিক চাহিদা পাওয়ার পর যাচাই–বাছাই শেষে মার্চের মধ্যেই সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হবে।

পরিকল্পনা কমিশনের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, সংশোধিত এডিপিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে করোনা–সংক্রান্ত প্রকল্পে। এ ছাড়া কৃষি ও প্রাকৃতিক দুর্যোগসংক্রান্ত প্রকল্পেও অগ্রাধিকার দেওয়া হবে। রাজস্ব আদায়ের হার কমে যাওয়ায় সংশোধিত এডিপিতে করোনা মোকাবিলায় ভূমিকা রাখবে, এমন প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হবে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য বলছে, চলতি ২০২০-২১ অর্থবছরের এডিপির আকার ২ লাখ ১৪ হাজার ৬১১ কোটি টাকা। এর মধ্যে নভেম্বর পর্যন্ত, অর্থাৎ ৫ মাসে খরচ হয়েছে ৩৮ হাজার ৪৭২ কোটি টাকা। শতাংশের হিসাবে ১৮ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১ শতাংশ কম।

অন্যদিকে নভেম্বর পর্যন্ত রাজস্ব আদায়ের হারও প্রত্যাশিত নয়। নভেম্বর পর্যন্ত ১ লাখ ১২ হাজার ৯৫৯ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৮৫ হাজার ৪০৩ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৭ হাজার ৫৫৬ কোটি টাকা কম। রাজস্ব আদায়ের হার কম হওয়ায় স্বাভাবিকভাবেই উন্নয়ন বাজেট কাটছাঁট হচ্ছে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন।