এডিপি থেকে প্রকল্প ছাঁটাই
২০০৬ সালে পশুর নদের চ্যানেলের আউটবারে ড্রেজিং করার জন্য প্রকল্প নিয়েছিল মংলা বন্দর কর্তৃপক্ষ। প্রথমে প্রকল্পটির ব্যয় ৫৮ কোটি টাকা নির্ধারণ করা হয়। পরে মেয়াদ বাড়িয়ে ২০১৬ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়, আর টাকার পরিমাণও হয় ১৭৮ কোটি টাকা।
কিন্তু গত প্রায় ১০ বছরে এ প্রকল্পে এক টাকাও খরচ করা সম্ভব হয়নি। প্রতিবছরই বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) থেকে যাচ্ছে প্রকল্পটি। স্থবির হয়ে আছে এ প্রকল্পটি। এ পর্যন্ত ছয়বার দরপত্র আহ্বান করেও দরদাতা চূড়ান্ত করতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। প্রথম পাঁচবার তো দরপত্র আহ্বান করার পরও কোনো প্রতিষ্ঠানই আসেনি। ২০০৮ সালে সর্বশেষ দরপত্র আহ্বান করা হলে সেখানে একটি ফরাসি কোম্পানি দরপত্রে অংশ নেয়। একটিমাত্র প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেওয়ায় তা বাতিল করা হয়।
২০১০ সালে সাড়ে ১৭ কোটি টাকা ব্যয়ে কুমিল্লা শিল্পনগর প্রকল্প নেওয়া হয়। কাজ শুরু করতে না পারায় এক দফা মেয়াদ বাড়িয়ে করা হয় ২০১৬ সালের জুন মাস পর্যন্ত। আর ব্যয় বেড়ে দাঁড়ায় সাড়ে ৩১ কোটি টাকা। কুমিল্লা এলাকায় জমির দাম বেড়ে যাওয়ায় জমি অধিগ্রহণ করা সম্ভব হয়নি। গত পাঁচ বছরে খরচ হয়েছে মাত্র ১৭ লাখ টাকা বা ১ শতাংশ।
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কলাপাড়া-বালিয়াতলী-গঙ্গামতী সড়কে বড় বালিয়াতলীতে আন্ধারমানিক নদীর ওপর সেতু নির্মাণের জন্য ২০১৩ সালে ১২৫ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। এ পর্যন্ত তিনবার দরপত্র আহ্বান করেও ঠিকাদার নির্বাচন করা সম্ভব হয়নি। এ পর্যন্ত কোনো টাকাও খরচ হয়নি।
বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। এভাবেই বাস্তবায়ন না হয়ে দিনের পর দিন প্রকল্প এডিপি রয়ে গেছে। নামমাত্র বরাদ্দ দিয়ে প্রকল্পগুলো বাঁচিয়ে রাখা হয়।
এ অবস্থায় পরিকল্পনা মন্ত্রণালয় অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ও কম বাস্তবায়ন হয়েছে—এমন প্রকল্প এডিপি থেকে বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ জন্য প্রকল্প বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয় বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগকে (আইএমইডি)।
সম্প্রতি এ বাছাই তালিকা চূড়ান্ত করে প্রতিবেদন তৈরি করেছে আইএমইডি। সেখানে দেখা গেছে, ১৮টি প্রকল্প একদমই স্থবির হয়ে আছে। এসব প্রকল্পের প্রকৃত অর্থে কোনো কর্মকাণ্ড নেই। আর ৬৪টি প্রকল্পের বাস্তবায়ন ৫ শতাংশের কম, এ প্রকল্পগুলোর গতি মন্থর। সব মিলিয়ে এমন ৮২টি প্রকল্প বাছাই করা হয়েছে। এ প্রকল্পগুলোর মধ্যে ২৮টি প্রকল্পের এখনো কোনো টাকা খরচ হয়নি। উল্লেখ্য, বর্তমানে এডিপিতে ১ হাজার ১২৪টি প্রকল্প রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আইএমইডি সচিব শহীদ উল্লা খন্দকার প্রথম আলোকে বলেন, ‘আমরা বাছাই তালিকা চূড়ান্ত করেছি। শিগগিরই এসব প্রকল্প বাস্তবায়নকারী মন্ত্রণালয়ের সচিব ও প্রকল্প পরিচালকদের সঙ্গে সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।’
আইএমইডি সূত্রে জানা গেছে, স্থবির ১৮টি প্রকল্প বাদ যাবে একপ্রকার নিশ্চিত। এর মধ্যে অন্যতম হলো ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টের ওপর প্রশিক্ষণ; টু ডি সিসমিক সার্ভে আন্ডার ফাস্ট ট্র্যাক প্রোগ্রাম; ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুড়িং; কুমিল্লা শিল্পনগর-২; বাংলাদেশ রেলওয়ের জন্য ১২৫টি ব্রডগেজ যাত্রীবাহী গাড়ি কেনা; ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী কোচ কেনা; ২৬৪টি মিটারগেজ কোচ ও দুটি ব্রডগেজ পরিদর্শন কার কেনা; নাজিরহাট থেকে পানুয়া পর্যন্ত মিটারগেজ রেলওয়ে সাইন নির্মাণের সমীক্ষা এবং রপ্তানি অবকাঠামো উন্নয়ন প্রকল্প।
আইএমইডির তালিকায় থাকা মন্থরগতির সব প্রকল্প বাদ যাবে না। কেননা, এ তালিকায় দ্বিতীয় কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতু নির্মাণ এবং গাজীপুর-এয়ারপোর্ট বিআরটি সড়ক নির্মাণের মতো প্রকল্পও রয়েছে।
প্রকল্প বাদ দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু বিষয় বিবেচনা করা হচ্ছে। এগুলোর মধ্যে অন্যতম হলো জমি অধিগ্রহণ না করায় বিলম্ব; দাতাদের কাছ থেকে অর্থের নিশ্চয়তা নেই; মামলাজনিত বাস্তবায়ন সম্ভব হচ্ছে না; দরপত্র আহ্বান করেও ঠিকাদার না পাওয়া, ইত্যাদি।