এডিপি বাস্তবায়ন হার নিয়ে বিভ্রান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হার নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। সংবাদ সম্মেলন ডেকে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যে তথ্য দিয়েছিলেন, সেটির সঙ্গে মিল নেই পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত তথ্যের।
চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসের (জুলাই-নভেম্বর) এডিপি বাস্তবায়ন হার নিয়ে এ বিভ্রান্তি দেখা দিয়েছে।
এডিপি বাস্তবায়নের সর্বশেষ পরিস্থিতি জানাতে গত রোববার পরিকল্পনামন্ত্রী সংবাদ সম্মেলন ডাকেন। তিনি জানান, আলোচ্য সময়ে মাত্র ২১ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে। তবে গতকাল বৃহষ্পতিবার আইএমইডির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা গেছে, এ সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছে ২০ শতাংশ। প্রকল্প নজরদারি ও তদারক করে আইএমইডি। প্রতি মাসে আইএমইডি বাস্তবায়ন হার প্রকাশ করে থাকে। এবারই প্রথম পরিকল্পনামন্ত্রী সংবাদ সম্মেলন করে মাসওয়ারি এডিপির বাস্তবায়ন চিত্র প্রকাশ করলেন।
মূলত হিসাবে কিছুটা লুকোচুরি করে এডিপি বাস্তবায়নের হার প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী। এবার বিশেষ সহায়তা ও থোক বরাদ্দসহ মূল এডিপির আকার হলো ৮০ হাজার ৩১৫ কোটি টাকা। এর মধ্যে বিশেষ সহায়তা ও থোক বরাদ্দের পরিমাণ চার হাজার ৪৯৭ কোটি টাকা।
প্রতি মাসে মূল এডিপি ধরেই বাস্তবায়ন হার হিসাব করা হয়। কিন্তু পরিকল্পনামন্ত্রী সংবাদ সম্মেলন ডেকে বাস্তবায়নের যে হার প্রকাশ করেছিলেন, সেখানে থোক বরাদ্দের অর্থ বাদ দেওয়া হয়েছে। থোক বরাদ্দ বাদ দিয়ে এডিপির আকার ধরা হয়েছে ৭৫ হাজার ৮১৮ কোটি ৯৬ লাখ টাকা। আর আলোচ্য সময়ে খরচ হয়েছে ১৫ হাজার ৮৯৭ কোটি টাকা। সেই হিসাবে বাস্তবায়ন হার ২১ শতাংশ হয়।
অন্যদিকে আইএমইডি যে বাস্তবায়ন হার প্রকাশ করেছে, সেখানে এডিপির আকার ৮০ হাজার ৩১৫ কোটি টাকা ধরা হয়েছে। আর পাঁচ মাসে বাস্তবায়ন দেখানো হয়েছে ২০ শতাংশ; যা বিগত পাঁচ অর্থবছরের প্রথম পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন।
আইএমইডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, আইএমইডি বাস্তবায়ন হার হিসাব করেছে থোক বরাদ্দসহ মূল এডিপি ধরেই। কিন্তু পরিকল্পনামন্ত্রীর সংবাদ সম্মেলনে এডিপি বাস্তবায়ন হারের যে চিত্র তুলে ধরেন, সেটি হিসাব করা হয়েছে থোক বরাদ্দ বাদ দিয়ে। হিসাবটি তৈরি করেছিল পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ।