এডিপি বাস্তবায়ন স্বস্তিদায়ক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছরের মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নের সর্বনিম্ন হার অংশীজনদের জন্য স্বস্তিদায়ক নয় বলে মন্তব্য করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

ব্যবসায়ীদের ওই সংগঠনটি যথাসময়ে এডিপি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও অন্যান্য অংশীজনের সমন্বয়ে ‘মনিটরিং সেল’ গঠন ও নিয়মিত বৈঠকের মাধ্যমে বাস্তবায়ন কার্যক্রম পর্যবেক্ষণের তাগিদ দিয়েছে।

চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে এডিপি বাস্তবায়িত হয়েছে ৬১ শতাংশ, যা চার বছরের মধ্যে সর্বনিম্ন। তাই গত রোববার ডিসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে গুরুত্ব দিতে বলেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বাজেটে এডিপির বরাদ্দ ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা, যা চলতি এডিপি বরাদ্দের চেয়ে প্রায় ২২ শতাংশ বেশি। ঢাকা চেম্বার মনে করে, আগামী অর্থবছরের এডিপি বাস্তবায়নে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় বরাদ্দ বাড়ানো ও বেসরকারি খাতকে পিপিপি প্রকল্পে অংশগ্রহণে অগ্রাধিকার ভিত্তিতে উৎসাহিত করা, পিপিপির আওতায় ৪০টি অর্থনৈতিক অঞ্চল (ইজেড) স্থাপন এবং বিনিয়োগ বাড়ানোর জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন।

ডিসিসিআই গ্যাস উত্তোলনকে প্রাধান্য দিয়ে শিল্প-কলকারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার তাগিদ দিয়েছে। পাশাপাশি তারা চায় বিকল্প জ্বালানি উৎস তৈরি করতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের কার্যকর উদ্যোগ নেওয়া হোক। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহব্যবস্থায় বেসরকারি খাতকে আরও সম্পৃক্ত করা দরকার বলেও মনে করে ডিসিসিআই।

বিজ্ঞপ্তিতে মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে বেশি বরাদ্দ ও কঠোর তদারকের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা, শিল্পনীতিতে অধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ রাখার বিষয়টি অন্তর্ভুক্তি করা, নারী উদ্যোক্তাদের দৃশ্যমান বিনিয়োগ সুবিধা নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় সার্বিক অবকাঠামো সুবিধাসহ এসএমই অর্থনৈতিক অঞ্চল গঠনের পরামর্শ দেওয়া হয়েছে।