এডিপি বাস্তবায়নে হঠাৎ গতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকটা হঠাৎ করেই বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে গতি এসেছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) এডিপি বাস্তবায়নে তুলনামূলকভাবে বেশ অগ্রগতি হয়েছে। আলোচ্য সময়ে এডিপির ৪৪ শতাংশ বাস্তবায়িত হয়েছে। তবে এই হার গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৬ শতাংশীয় মাত্রা বেশি। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। আইএমইডির তথ্যমতে, গত জানুয়ারি মাস পর্যন্ত চলতি এডিপির ৩৮ শতাংশ বাস্তবায়িত হয়েছিল। সে হিসাবে সাত মাসে উন্নয়ন ব্যয়ের পরিমাণ ছিল ২১ হাজার ৪৯ কোটি টাকা। তবে ফেব্রুয়ারি মাসে প্রায় তিন হাজার ১৫৮ কোটি টাকা ব্যয় হওয়ায় মোট ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফলে চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে সংশ্ল্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো মোট ২৪ হাজার ১৯৭ কোটি টাকা খরচ করতে পেরেছে। এই সময়ে অর্থ ছাড় হয়েছে ২০ হাজার ৩৯০ কোটি টাকা। আইএমইডির কর্মকর্তারা বলেন, সরকারের শেষ বছর হওয়ায় প্রকল্প বাস্তবায়নের চাপ রয়েছে। তাই দ্বিতীয়ার্ধে এসে প্রকল্পের টাকা খরচ তুলনামূলকভাবে বেড়েছে। তবে গুণগত মান নিশ্চিত করে টাকা খরচ হলে অর্থনীতির জন্য মঙ্গলকর হবে। চলতি অর্থবছরের আট মাসের এডিপি বাস্তবায়নের চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, দেশজ ও বিদেশি সহায়তার অর্থ ব্যবহারে কিছুটা গতি এসেছে। বিদেশি সহায়তার ব্যবহার-পরিস্থিতি আগের তুলনায় কিছুটা ভালো হয়েছে। জুলাই-ফেব্রুয়ারি সময়ে সাত হাজার ৭১৯ কোটি টাকার বিদেশি সহায়তা ব্যবহার করা সম্ভব হয়েছে। এটি বিদেশি সহায়তা বরাদ্দের ৩৬ শতাংশ। গত এডিপির একই সময়ে মাত্র ২৬ শতাংশ বিদেশি সহায়তা ব্যবহার করতে সমর্থ হয়েছিল মন্ত্রণালয় ও বিভাগগুলো।এ বছর চলতি এডিপিতে বিদেশি সহায়তা হিসেবে ২১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে সংশোধিত এডিপিতে তা সাড়ে ১৮ হাজার কোটি টাকায় নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে জুলাই-ফেব্রুয়ারি সময়ে দেশজ উৎসের ১৬ হাজার ৪৭৯ কোটি টাকা ব্যয় হয়েছে। গত বছর এর পরিমাণ ছিল ১২ হাজার ৫৯৯ কোটি টাকা। চলতি এডিপিতে স্থানীয় উৎস থেকে ৩৩ হাজার ৫০০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। সংশোধিত এডিপিতে তা সাড়ে ৩১ হাজার কোটি টাকায় নামিয়ে আনার চিন্তাভাবনা চলছে।চলতি অর্থবছরে ৫৫ হাজার কোটি টাকার এডিপি নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবায়ন-পরিস্থিতি নাজুক হওয়ায় অন্যবারের মতো এবারও এডিপি কাটছাঁট করতে হচ্ছে। আগামীকাল বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি চূড়ান্ত করা হবে। পরিকল্পনা কমিশন থেকে ৫০ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি নির্ধারণের সুপারিশ করা হচ্ছে। চলতি অর্থবছরের আট মাস পেরিয়ে গেলেও ৪০টি মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দের অর্ধেকও ব্যয় করতে পারেনি। এর মধ্যে ১৭টি মন্ত্রণালয় ও বিভাগ তাদের অনুকূলে বরাদ্দের এক-তৃতীয়াংশও খরচ করতে পারেনি। মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), প্রধানমন্ত্রীর কার্যালয়, সরকারি কর্মকমিশন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, নৌমন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, সেতু বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়।