এডিপি বাস্তবায়নের নতুন রেকর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ১ শতাংশ টাকাও খরচ করা যায়নি। গত জুলাই মাসে এডিপির মাত্র দশমিক ৫৬ শতাংশ বাস্তবায়ন হয়েছে। টাকার অঙ্কে খরচ ৬৯৪ কোটি টাকা। বাস্তবায়ন হার এবং খরচ উভয় দিক থেকে গত সাত বছরের সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন এ জুলাই মাসে।
গত জুলাই মাসে ৫৪টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে মাত্র ২৭টি টাকা খরচ করতে পেরেছে। বাকি ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ গত মাসে কোনো টাকাই খরচ করতে পারেনি। অথচ বিদ্যমান ব্যবস্থায় অর্থবছরের প্রথম তিন প্রান্তিক (জুলাই-মার্চ) পর্যন্ত টাকা খরচ করতে অর্থ মন্ত্রণালয়ের কোনো অনুমোদন নিতে হয় না প্রকল্প বাস্তবায়নকারী মন্ত্রণালয় ও বিভাগের। বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ তথ্যে এডিপি বাস্তবায়নের চিত্র পাওয়া গেছে।
চলতি অর্থবছরে (২০১৬-১৭) ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকার মূল এডিপি নেওয়া হয়েছে। এ ছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয় আরও ১২ হাজার ৬৪৬ কোটি টাকা। সব মিলিয়ে এডিপির আকার দাঁড়ায় ২৩ হাজার ৩৪৬ কোটি টাকা।
গত জুলাই মাসে ৬৯৪ কোটি টাকা খরচ হয়েছে। প্রতিদিন গড়ে খরচের পরিমাণ ২২ কোটি ৩৮ লাখ টাকা। অর্থবছরের প্রথম মাসে প্রতিবার একটু কমই খরচ হয়। তবে এবার একটু বেশিই কম খরচ হয়েছে। বছরের শেষ দিকে এডিপির টাকা খরচ বাড়ে হু হু করে। ঠিক এক মাস আগে অর্থাৎ গত অর্থবছরের শেষ মাস জুনে খরচ হয়েছে ওই বছরের এডিপির ২৮ হাজার ৭৬৭ কোটি টাকা। জুন মাসে প্রতিদিন গড়ে ৯৫৮ কোটি টাকা খরচ হয়েছে।
অথচ প্রকল্পগুলো একই; জনবল পরিবর্তন হয়নি। চলতি অর্থবছরের এডিপিতে প্রকল্প আছে ১ হাজার ২৪৬টি। এর মধ্যে ১ হাজার ১২৭টি প্রকল্প আগের বছরের এডিপি থেকে এসেছে। এ বছর এডিপিতে মাত্র ১১৯টি নতুন প্রকল্প যুক্ত হয়েছে। ৯০ শতাংশের বেশি প্রকল্প উত্তরাধিকার সূত্রে পাওয়া বা পুরোনো প্রকল্প হলেও বাস্তবায়ন চিত্র বদলে গেছে এক মাসের ব্যবধানে। প্রতিবারের মতো এবারও অর্থবছরের প্রথম দিকে প্রকল্প বাস্তবায়নে ঢিলেঢালা ভাব।
এ বিষয়ে জানতে চাইলে পরিকল্পনা বিভাগের সচিব তারিক উল ইসলাম প্রথম আলোকে বলেন, জুলাই মাসে অর্থ মন্ত্রণালয় থেকে টাকা ছাড় শুরু হয়। অনেকে টাকা হাতে না পেয়ে খরচ করেন না। তাই জুলাই মাসে পারফরম্যান্স দুর্বল থাকে। তবে আগস্ট-সেপ্টেম্বর মাসে এডিপির বাস্তবায়নের পারফরম্যান্স ভালো হবে।
খরচ করতে পারেনি অর্ধেক মন্ত্রণালয় ও বিভাগ: আইএমইডি সূত্রে জানা গেছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৬১টি প্রকল্পের বিপরীতে ৬ হাজার ৭০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। কিন্তু জুলাই মাসে এসব প্রকল্পে কোনো টাকা খরচ হয়নি। পানিসম্পদ মন্ত্রণালয়ের ৬৬টি প্রকল্পের বিপরীতে ৩ হাজার ৭০৮ কোটি টাকা বরাদ্দ থাকলেও পারফরম্যান্স শূন্য। পদ্মা সেতুসহ ১১টি প্রকল্পে সেতু বিভাগের ৯ হাজার ২৭১ কোটি বরাদ্দ রয়েছে। কিন্তু কোনো টাকা খরচ করতে পারেনি সেতু বিভাগ। এর মানে হলো সরকারি হিসাবে জুলাই মাসে পদ্মা সেতু প্রকল্পেও কোনো টাকা খরচ হয়নি।
এডিপির খরচ বিশ্লেষণ করে দেখা গেছে, ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ জুলাই মাসে কোনো টাকা খরচ করতে পারেনি। খরচ করতে না পারা মন্ত্রণালয় ও বিভাগগুলোর অন্যতম হলো তথ্য মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়।
জুলাইয়ে টাকা খরচে সবচেয়ে ভালো পারফরম্যান্স রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের। এই বিভাগটির প্রকল্প বাস্তবায়ন হার ৪ দশমিক ৭৯ শতাংশ। এর পরে বিদ্যুৎ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) বরাদ্দের ২ দশমিক ৪৪ শতাংশ করে খরচ করেছে।