এডিপি বাড়ে, বাস্তবায়ন সমস্যা শেষ হয় না

প্রতিবছর বিশাল বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নেওয়া হয়। কিন্তু বছর শেষে আর বাস্তবায়ন করা যায় না। এমনকি অর্থবছরের মাঝপথে সেই এডিপির আকার ছোট করা হয়। শেষ পর্যন্ত সংশোধিত এডিপিও বাস্তবায়ন করা যায় না। এটাই এডিপি প্রণয়ন ও বাস্তবায়নের নিয়মিত চিত্র।
অথচ প্রতিবছর বিশাল এডিপি পাস করার সময় সরকারের পক্ষ থেকে বলা হয়, এ এডিপি বাস্তবায়নযোগ্য। বছর শেষে শতভাগ এডিপি বাস্তবায়নের আশাবাদ প্রকাশ করেন অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী। কিন্তু মাঝপথেই সেই অবস্থান থেকে সরে আসেন তাঁরা। এডিপি কাটছাঁট করার পক্ষে কখনো রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন অজুহাত দেখানো হয়। কিন্তু বাস্তবায়ন সক্ষমতার অভাবেও যে প্রকল্পের অর্থ খরচ করা যাচ্ছে না, এটা স্বীকার করা হয় না। আবার বছরের শেষ দিকে এসে তাড়াহুড়া করে যে প্রকল্পের টাকা খরচ করা হয়, তা নিয়েও প্রশ্ন রয়েছে। শেষ ভাগে তাড়াহুড়ার কারণে প্রকল্পের গুণগত মান বজায় থাকে না।
এমন অবস্থায় আগামী অর্থবছরের জন্য সাড়ে ৯২ হাজার কোটি টাকার এডিপি পাস করতে যাচ্ছে সরকার। আগামী ১৪ মে এ বিশাল এডিপি জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় উত্থাপন হবে। চলতি অর্থবছরে সব মিলিয়ে ৮৬ হাজার কোটি টাকার এডিপি নেওয়া হয়েছিল। পরে তা ৭৫ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়। মূলত প্রকল্প বাস্তবায়ন হার সন্তোষজনক না হওয়ায় এবারও এডিপি কাটছাঁট করা হয়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম মনে করেন, এডিপি বাস্তবায়ন ও প্রণয়নে মোটা দাগে চারটি সমস্যা রয়েছে। এগুলো হলো এডিপি প্রণয়নের ক্ষেত্রে কর্মকর্তাদের দক্ষতার অভাব, নতুন প্রকল্প পাসের দিকে ঝোঁক, অদক্ষতায় সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়ন না করতে পারা এবং মন্ত্রী-সাংসদদের চাপে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ প্রকল্প নেওয়া।
মির্জ্জা আজিজ প্রথম আলোকে আরও বলেন, সব সরকারের ক্ষেত্রেই নতুন প্রকল্প পাসের বেশি ঝোঁক থাকায় এডিপিতে প্রকল্প সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। নামমাত্র বরাদ্দ দিয়ে বছরের পর বছর প্রকল্প বাঁচিয়ে রাখা হয়। এতে সময়মতো প্রকল্পের সুফল পাওয়া যায় না। অন্যদিকে মন্ত্রী-সাংসদদের চাপে স্থানীয় পর্যায়ে অপেক্ষাকৃত কম প্রকল্প নেওয়া হয়। এতে সম্পদের যথাযথ ব্যবহার না হওয়ায় অন্যদিকে চলে যায়।
সাত বছরে এডিপির আকার তিন গুণ
বিগত আড়াই দশকে (১৯৯০ থেকে ২০১৫ সাল) আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন সরকারই ক্ষমতায় ছিল। কেবল বিগত সময়ে ক্ষমতা বদলে তত্ত্বাবধায়ক সরকার কয়েক বছর ক্ষমতায় ছিল। রাজনৈতিক দলের সরকার আমলে এডিপির আকার বিশ্লেষণ করলে দেখা যায়, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলেই এডিপির আকার বেশি বাড়ানো হয়েছে। অবশ্য আওয়ামী লীগের সময়েই বাজেট বৃদ্ধির হার, প্রবৃদ্ধি ইত্যাদি অনেক বেড়েছে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত সাত বছরে এডিপির আকার তিন গুণ হয়েছে। ক্ষমতায় এসে ২০০৯-১০ অর্থবছরে সাড়ে ৩০ হাজার কোটি টাকার এডিপি নেওয়া হয়। এরপর মেয়াদ শেষ করা বছরে (২০১৩-১৪ অর্থবছর) এর আকার ৬৫ হাজার কোটি টাকা হয়। পরের বছর অর্থাৎ ২০১৪-১৫ অর্থবছরে তা বাড়িয়ে ৮৬ হাজার কোটি টাকা করা হয়। আগামী অর্থবছরে এডিপির আকার সাড়ে ৯২ হাজার কোটি টাকা হচ্ছে।
তবে প্রতিবারই অর্থবছরের মাঝপথে এডিপি কাটছাঁট করা হয়েছে। যা পরবর্তী বছরের বাজেটে সংশোধিত আকারে অনুমোদন করে জাতীয় সংসদ। যদিও বছর শেষে এ সংশোধিত এডিপিও বাস্তবায়িত হয়নি। বছর শেষে অর্থ যতটা খরচ করা গেছে, সেটাই এডিপির প্রকৃত বাস্তবায়ন। এ হিসাবে দেখা গেছে, এ সরকারের প্রথম অর্থবছরে (২০০৯-১০) সংশোধিত এডিপির আকার ছিল সাড়ে ২৮ হাজার কোটি টাকা। আর প্রকৃত বাস্তবায়ন দাঁড়িয়েছে এই সাড়ে ২৮ হাজার কোটি টাকার ৯১ শতাংশ। গত অর্থবছর অর্থাৎ ২০১৩-১৪ অর্থবছরে সংশোধিত এডিপির আকার ছিল ৬০ হাজার কোটি টাকা, আর বাস্তবায়ন হয়েছে এর ৯৫ শতাংশ।
এর আগে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের পাঁচ বছরে এডিপির আকার খুব বেশি বাড়েনি। বিএনপির আমলে পাঁচ অর্থবছরে এডিপির আকার মাত্র ১৮ শতাংশ বেড়েছে। ক্ষমতায় এসে ২০০১-০২ অর্থবছরে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ১৯ হাজার কোটি টাকার উন্নয়ন কর্মসূচি নেয়। আর ক্ষমতায় থাকার শেষ বছরে অর্থাৎ ২০০৫-০৬ অর্থবছরে এর আকার হয় ২৪ হাজার ৫০০ কোটি টাকা। বিএনপি সরকারও প্রতিবারই এডিপির আকার ছোট করেছে। এই আমলেও প্রকৃত বাস্তবায়নের হার ৯০ শতাংশের মতো ছিল।
১৯৯৬-২০০১ সময়ে ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ সরকার এডিপির আকার প্রায় ৪০ শতাংশ বাড়িয়েছিল। ১৯৯৬-৯৭ অর্থবছরে এডিপির আকার ছিল সাড়ে ১২ হাজার কোটি টাকা। এরপর প্রতিবছরই এডিপির আকার বাড়ানো হয়েছে। ২০০০-০১ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় সাড়ে ১৭ হাজার কোটি টাকায়।
এরশাদ সরকারকে হটিয়ে নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু পর্বে ১৯৯১ সালে ক্ষমতায় আসে বিএনপি। ১৯৯১-৯২ অর্থবছরের জন্য সাড়ে সাত হাজার কোটি টাকার এডিপি গ্রহণ করা হয়েছিল। আর ১৯৯৫-৯৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ১২ হাজার ১০০ কোটি টাকায়।
এডিপিতে ২০ বছরের পুরো প্রকল্প: প্রকল্প প্রস্তাব অনুযায়ী, বরাদ্দ না দেওয়ায় বছরের পর বছর বিভিন্ন প্রকল্প এডিপিতে থেকে যাচ্ছে। চলমান এডিপির প্রকল্প তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, ১০ বছরের পুরোনো ৩১টি প্রকল্প রয়ে গেছে। এসব প্রকল্প ১৯৯৫ থেকে ২০০৪ সালের মধ্যে নেওয়া হয়েছিল। প্রকল্প প্রস্তাব অনুযায়ী বরাদ্দ না দিয়ে প্রতিবছর নামমাত্র বরাদ্দ দিয়ে প্রকল্পগুলো বাঁচিয়ে রাখা হয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এই ৩১টি প্রকল্পে মোট প্রাক্কলিত ব্যয় ১৮ হাজার ৫০৩ কোটি টাকা। গত বছরের মার্চ পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ৭ হাজার ৭৭৩ কোটি টাকা, যা বরাদ্দের মাত্র ৪২ শতাংশ। সড়ক নির্মাণের ১০টি প্রকল্পই সবচেয়ে বেশি দিন ধরে ঝুলে রয়েছে।
১৯৯৫ সালে নেওয়া পূর্বাচল নতুন শহর প্রকল্পটি এডিপিতে থাকা সবচেয়ে পুরোনো প্রকল্প। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৭৮২ কোটি টাকা। আগামী ডিসেম্বর মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। কিন্তু গত জুন মাস পর্যন্ত মাত্র ১ হাজার ৭৪৪ কোটি টাকা খরচ করতে পেরেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অর্থাৎ প্রায় ১৯ বছরে প্রকল্প ব্যয়ের মাত্র ২২ শতাংশ খরচ হয়েছে। এখনো গ্রাহকের কাছে প্লট বুঝিয়ে দেওয়ার মতো অবকাঠামোই তৈরি হয়নি। এত বছর পরও প্রকল্পটির কাজে খুব বেশি অগ্রগতি নেই।
নতুন প্রকল্প নিয়ে লুকোচুরি: প্রতিবারই এডিপি তৈরি করার সময় নতুন প্রকল্প নিয়ে লুকোচুরি করা হয়। প্রতিবছর এডিপিতে শত শত বরাদ্দহীন ও অননুমোদিত প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়। এসব প্রকল্প থেকে বাছাই করে সারা বছরই প্রকল্প অনুমোদন দেওয়া হয়। আর সংশোধিত এডিপিতে অনুমোদন পাওয়া প্রকল্পগুলো চলমান প্রকল্প হিসেবে ঢুকে যায়। আর পরের বছরের এডিপিতে নতুন প্রকল্প কম অন্তর্ভুক্ত করা হয়।
বছরের মাঝামাঝি সময় সংশোধিত এডিপিতে প্রকল্প অন্তর্ভুক্ত করার জন্য রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিরা তদবির করেন বলে অভিযোগ রয়েছে। তাদের তদবিরে এডিপিতে বহু প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়, আবার সেই প্রকল্প পাসও করা হয়।
উদাহরণ দিয়ে বলা যেতে পারে, চলতি অর্থবছরের এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা ছিল ১ হাজার ৬৪টি। এর মধ্যে বরাদ্দহীন ও অননুমোদিত প্রকল্পের সংখ্যা ছিল ৬৮৩টি। এ পর্যন্ত ১৫৬টি প্রকল্প পাস করা হয়। এসব প্রকল্প চলমান প্রকল্প হিসেবে সংশোধিত এডিপিতে ঢুকে গেছে। আগামী এডিপিতেও চলমান প্রকল্প থাকবে। ফলে এসব প্রকল্পে বাড়তি বরাদ্দ দিতে গিয়ে প্রতিবারই বরাদ্দ ব্যবস্থাপনায় কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। ফলে অনেক প্রকল্প চাহিদা অনুযায়ী বরাদ্দ পায় না।
সামগ্রিক বিষয়ে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম বলেন, রাজনৈতিক সরকার রাজনীতি বিবেচনাতে প্রকল্প নেবে, এটা ঠিক আছে। আর পরিকল্পনা কমিশন তার অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় প্রকল্প পর্যালোচনার পর গ্রহণ করে। আবার রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে স্থানীয় পর্যায় থেকে কিছু দাবিও থাকে, যার বাস্তবায়ন করতে হয় নেতাদের। তিনি বলেন, প্রবৃদ্ধি বাড়াতে সরকারকে বেশি উন্নয়ন ব্যয় নির্ধারণ করতে হয়েছে। তবে বাস্তবায়ন যেহেতু ৯০ শতাংশের বেশি, ফলে এটি নিয়ন্ত্রণের মধ্যেই আছে। আবার বাস্তবায়নের জন্য জনবল বৃদ্ধি না হওয়াকেও তিনি অন্তরায় মনে করেন।