এডিপিজুড়ে রাজনৈতিক ও কম গুরুত্বের প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানি অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) নেওয়া হয়েছিল ২০০৯ সালে। শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালের জুনে। এক হাজার ১৪০ কোটি ৪৩ লাখ টাকার এ প্রকল্পে এখন পর্যন্ত একটি টাকাও ব্যয় হয়নি। চলতি অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র এক লাখ টাকা। এ হারে অর্থ বরাদ্দ দিলে প্রকল্পটি কয়েক শতাব্দীতেও শেষ হবে না।২০১৩-১৪ অর্থবছরের এডিপিতে এ রকম ২৫টি প্রকল্প আছে, যেখানে মাত্র এক লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। এভাবে লোক দেখানো বরাদ্দ দেওয়ার কারণে এসব প্রকল্পের বাস্তবায়ন কখনোই শেষ হবে না। এ ছাড়া এবারের এডিপিতে মাত্র এক কোটি টাকা বরাদ্দ দেওয়া আরও ৫৫টি প্রকল্প আছে। এসব প্রকল্পের বড় অংশই কম গুরুত্বপূর্ণ, সরকারি দলের নেতা-কর্মীদের চাপে এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সবাইকে খুশি করার জন্যই এসব প্রকল্প রাখা হয় এডিপিতে।রাজনৈতিক পছন্দের প্রকল্প ঢোকাতে নানা ধরনের কৌশলও করছে সরকার। যেমন: নতুন অর্থবছরের শুরুতে নতুন এডিপিতে কম প্রকল্প দেখানো হয়। এরপর অর্থবছরের শেষের দিকে এসে নতুন করে প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়। এগুলোতে বরাদ্দ পায় সংশোধিত এডিপিতে। ফলে অন্যান্য প্রকল্পে বরাদ্দ কমে যায়। আর কম বরাদ্দ পাওয়া প্রকল্পগুলো বছরের পর বছর ধরে বাস্তবায়িত হতে থাকে, সহজে শেষ হয় না। মজার ব্যাপার হচ্ছে, সংশোধিত এডিপিতে এডিপির আকার কমানো হয়, অথচ বাড়ানো হয় নতুন প্রকল্পের সংখ্যা। প্রকল্পের সংখ্যা নিয়ে করা হচ্ছে লুকোচুরি। যেমন: ২০১১-১২ অর্থবছরের মূল এডিপিতে মোট প্রকল্প ছিল এক হাজার ৩৯টি। কিন্তু সংশোধিত এডিপিতে তা বেড়ে হয় এক হাজার ২৩১টি। একইভাবে ২০১২-১৩ অর্থবছরের মূল এডিপিতে মোট প্রকল্প ছিল এক হাজার ৩৭টি। কিন্তু সংশোধিত এডিপিতে তা বেড়ে হয়ে গেছে এক হাজার ২০৫টি।এডিপির আরেকটি প্রবণতা হচ্ছে, অল্প অল্প বরাদ্দ দিয়ে হলেও বেশিসংখ্যক প্রকল্প এডিপিতে রেখে দেওয়া। মূলত সবাইকে খুশি রাখার এ প্রবণতা এডিপির আয়তনকেই বাড়িয়ে দিচ্ছে। যেমন: ২০১২-১৩ অর্থবছরে মোট প্রকল্প রাখা হয় এক হাজার ৩৭টি। এর মধ্যে বরাদ্দ পাওয়া নতুন প্রকল্প ছিল ৩৫টি। এর বাইরে বরাদ্দবিহীন আরও নতুন প্রকল্প রাখা ছিল ৭২০টি। এমনকি বৈদেশিক সাহায্য পেলে বাস্তবায়ন করা হবে এমন প্রকল্প রাখা ছিল ৩২৫টি। একই অবস্থা নতুন এডিপির ক্ষেত্রেও। চলতি অর্থবছরের এডিপিতে আছে এক হাজার ৪৬টি প্রকল্প। এর মধ্যে নতুন প্রকল্প মাত্র ৫০টি। এর বাইরে বরাদ্দবিহীন নতুন প্রকল্প রাখা হয়েছে ৬৬২টি এবং বৈদেশিক সাহায্য পেলে বাস্তবায়ন করা হবে এমন প্রকল্প আছে আরও ৩৪৬টি। রাজনৈতিক প্রকল্প: অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন নামের প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয়েছিল ২০১০ সালের ১ মার্চ থেকে। চার হাজার ৬৯১ কোটি ১৩ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাবে আগামী ডিসেম্বরে। অথচ এখন পর্যন্ত এ প্রকল্পে ব্যয় হয়েছে এক হাজার ৭৩৯ কোটি ৭২ লাখ টাকা। নতুন অর্থবছরে বাস্তবায়নের জন্য প্রকল্পটির হাতে রয়েছে মাত্র ছয় মাস। আর এ সময়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে এক হাজার কোটি টাকা। অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প আরেকটি গুচ্ছ প্রকল্প। চলতি এডিপিতে এ রকম অসংখ্য গুচ্ছ প্রকল্প রয়েছে। যেমন: অগ্রাধিকার ভিত্তিতে গ্রামীণ সড়ক ও হাটবাজার অবকাঠামো উন্নয়ন, এক হাজার ৪০৬ কোটি টাকার, ৫২৮ কোটি টাকার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, উপজেলা ও ইউনিয়ন সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, জনগুরুত্বপূর্ণ উপজেলা সড়ক উন্নয়ন প্রকল্প, উপজেলা সড়ক উন্নয়ন প্রকল্প, ইত্যাদি। এসব প্রকল্প থেকে কোন গ্রাম, কোন উপজেলা, কোন রাস্তা বা কোন হাট সেসব কিছুই জানা যায় না। রাজনৈতিক বা আমলাতান্ত্রিক ক্ষমতা যার বেশি, কেবল তারাই এসব প্রকল্পে নিজেদের পছন্দের প্রকল্প অন্তর্ভুক্ত করাতে পারেন। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ ২০০২ সালে একটি সমীক্ষায় জনগুরুত্বপূর্ণ সড়ক ও সেতু নির্মাণ প্রকল্পসহ আরও কয়েকটি গুচ্ছ প্রকল্পের কথা উল্লেখ করে বলেছিলেন, এগুলো হচ্ছে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক পছন্দের উদাহরণ। এর মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে কম গুরুত্বপূর্ণ প্রকল্প নেওয়ার সুযোগ থাকে। বিশেষ করে ক্ষমতাসীন দলের সাংসদদের অনুরোধের প্রকল্পই নেওয়া হয়ে থাকে।প্রকল্পের গল্প: শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সংযোগ সড়ক প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল ২০০৪ সালে, সাবেক বিএনপি সরকারের সময়ে। ১৩ কোটি ৭১ লাখ টাকার এ প্রকল্প এখনো অননুমোদিত। এখন পর্যন্ত এ প্রকল্পে ব্যয় হয়েছে তিন কোটি ২৫ লাখ টাকা। এ অর্থও আবার ব্যয় হয়েছিল বিএনপি সরকারের আমলেই। এর পর থেকে প্রতি অর্থবছর এক লাখ টাকা করে বরাদ্দ রাখা হচ্ছে। এবারও বরাদ্দ এক লাখ টাকা। এভাবে বরাদ্দ দিলে এক হাজার বছরেও এ প্রকল্প শেষ হবে না। রাজনৈতিক পছন্দ ও অপছন্দের বড় উদাহরণ এ প্রকল্পটি। আবার দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের কাছে গুনদুম পর্যন্ত মিটারগেজ সিঙ্গেল লাইন ট্রাক নির্মাণ প্রকল্পটি শেষ হওয়ার কথা আগামী ডিসেম্বরে। এক হাজার ৮৫২ কোটি টাকার এ প্রকল্পে ২০১০ সাল থেকে এ পর্যন্ত ব্যয় হয়েছে ১০ কোটি ২৭ লাখ টাকা। এবার বরাদ্দ দেওয়া হয়েছে এক কোটি টাকা। এভাবে বরাদ্দ থাকলে প্রকল্পটি শেষ হবে আরও এক হাজার ৮৪২ বছর। চলতি এডিপিতে এ রকম অসংখ্য প্রকল্প আছে, যেগুলোর বর্তমান গতির মতো চলতে থাকলে কখনোই এর বাস্তবায়ন শেষ হবে না।