এডিপিতে কমছে বিদেশি সহায়তার ব্যবহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১০-১১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বিদেশি সহায়তা ব্যবহারের পরিমাণ কমে যাচ্ছে। অর্থবছরের প্রথম পাঁচ মাস (জুলাই-নভেম্বর) সময়কালে বিদেশি সহায়তার মাত্র দুই হাজার ২৬১ কোটি টাকা ব্যয় করতে সমর্থ হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, যা মূল এডিপির মাত্র ১৫ শতাংশ। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এসব তথ্য জানা গেছে।অথচ ২০০৯-১০ অর্থবছরের একই সময়ে বিদেশি সহায়তার দুই হাজার ৮৯৯ কোটি টাকা ব্যবহার করা হয়েছিল। আবার মূল এডিপি বাস্তবায়নও অনেকটা পিছিয়ে রয়েছে। অর্থবছরের প্রথম পাঁচ মাসে এডিপির মাত্র ২০ শতাংশ বাস্তবায়ন করা হয়েছে, টাকার অঙ্কে যা সাত হাজার ৮৫২ কোটি টাকা। আর গত অর্থবছরের একই সময় মূল এডিপির ২৩ শতাংশ বা ছয় হাজার ৯০১ কোটি টাকা খরচ হয়েছিল। এ বছর এখন পর্যন্ত তিনটি মন্ত্রণালয় ও বিভাগ কোনো অর্থ খরচ করতে পারেনি। এগুলো হলো: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং সরকারি কর্মকমিশন সচিবালয়। বিদেশি সহায়তা: চলতি অর্থবছর এডিপিতে ১৫ হাজার কোটি টাকার বৈদেশিক সহায়তা খরচ করার কথা রয়েছে। অথচ পাঁচ মাসে মাত্র দুই হাজার ২৬১ কোটি টাকা ব্যবহার করা সম্ভব হয়েছে। গত অর্থবছর ১২ হাজার ৮৪৫ কোটি টাক খরচ করার লক্ষ্যমাত্রার বিপরীতে প্রথম পাঁচ মাসে দুই হাজার ৮৯৯ কোটি টাকা ব্যয় হয়েছিল। আর তার আগের বছর অর্থাৎ ২০০৮-০৯ অর্থবছরে একই সময় এক হাজার ৮৩৩ কোটি টাকা ব্যয় হয়েছিল, যা মোট এডিপির মাত্র ১৫ শতাংশ। ২০০৭-০৮ অর্থবছরে জুলাই-নভেম্বরে এক হাজার ৬৩৯ কোটি টাকা বা এডিপির ১৭ শতাংশ ব্যয় হয়েছিল। আইএমইডির কর্মকর্তারা জানান, এ বছর বিদেশি সহায়তার ব্যবহার কমে যাওয়ার অন্যতম কারণ হলো উন্নয়ন-সহযোগীরা এখন নিজস্ব নীতিনির্দেশনা (গাইডলাইন) অনুযায়ী অর্থ ছাড় করছে। তাই প্রশাসনিক জটিলতায় দীর্ঘসূত্রিতা বাড়ছে। বাংলাদেশ সরকার ও উন্নয়ন-সহযোগীদের যৌথ সহায়তা কৌশল (জেসিএস) এখনো পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। জানা গেছে, দুর্নীতির অভিযোগের ৩৬ প্রকল্পে অর্থ ছাড় বন্ধ করে দিয়ে নিজস্ব নীতি-নির্দেশনা অনুসরণ করা হচ্ছে। এদিকে চলতি অর্থবছরের এডিপিতে সরকার নিজস্ব অর্থায়নের বেশ কিছু বড় প্রকল্প বাস্তবায়ন করছে। ফলে এসব প্রকল্পে অর্থ ছাড় করতে গিয়ে বিদেশি সহায়তার অংশীদারি কমে যাচ্ছে।