এডিপিতে বিদেশি সহায়তা কমছে ৬০০০ কোটি টাকা
চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বিদেশি সহায়তা থেকে প্রায় ৫ হাজার ৮৬৫ কোটি টাকা কমানো হবে। এডিপির ১৭টি খাত থেকে এ অর্থ কাটা হচ্ছে। বিদেশি সহায়তার অর্থ (প্রকল্প ঋণ) খরচ করতে না পারায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রস্তাবের ভিত্তিতেই অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) বিদেশি সহায়তা কাটছাঁটের সিদ্ধান্ত নিয়েছে।
ইতিমধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়কে অর্থ কাটছাঁটের সিদ্ধান্তও জানিয়ে দিয়েছে ইআরডি। তবে স্থানীয় উৎস থেকে বরাদ্দ কমানোর উদ্যোগ এখনো নেওয়া হয়নি। অর্থ মন্ত্রণালয়ের সম্পদ কমিটির সভায় সংশোধিত এডিপির আকার নির্ধারণ করা হবে।
চলতি অর্থবছরে পরিকল্পনা কমিশনের আওতাধীন বরাদ্দ ৯৭ হাজার কোটি টাকা, যা মূল এডিপি হিসেবে পরিচিত। এর মধ্যে বৈদেশিক উৎস থেকে জোগান দেওয়া হয়েছে সাড়ে ৩৪ হাজার কোটি টাকা। স্থানীয় উৎস থেকে বরাদ্দ সাড়ে ৬২ হাজার কোটি টাকা। এ ছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয়ের ৩ হাজার ৯৯৭ কোটি টাকাসহ মোট এডিপির আকার দাঁড়ায় ১ লাখ ৯৯৭ কোটি টাকা।
ইআরডি সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি ১ হাজার ৯৪৯ কোটি টাকা বিদেশি সহায়তা কাটছাঁট করা হয়েছে বিদ্যুৎ খাত থেকে। এ খাতে চলতি বছর বরাদ্দ ১৬ হাজার ১২২ কোটি টাকা। এর মধ্যে বিদেশি সহায়তা ৮ হাজার ৯৭৫ কোটি টাকা। সংশোধিত এডিপিতে এ খাতে বিদেশি সহায়তার পরিমাণ দাঁড়াবে ৭ হাজার ২৬ কোটি টাকা।
খাতওয়ারি হিসাবে পরিবহনে ৮২৪ কোটি টাকা, কৃষিতে ৩০৩ কোটি টাকা, পল্লী উন্নয়ন ও প্রতিষ্ঠানে ৪৬২ কোটি টাকা, পানিসম্পদে ২৩ কোটি টাকা, তেল-গ্যাস ও প্রাকৃতিক সম্পদে ৬৭৫ কোটি টাকা, স্বাস্থ্য ৫০৬ কোটি টাকা ও শিক্ষায় ৬১ কোটি টাকা বিদেশি সহায়তার বরাদ্দ কমানো হচ্ছে।
মন্ত্রণালয় ও বিভাগগুলো আরও বেশি বিদেশি সহায়তা কাটছাঁটের প্রস্তাব করেছিল। কিন্তু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রতিটি মন্ত্রণালয়ের বরাদ্দের ২০ শতাংশের বেশি বিদেশি সহায়তা না কমানোর নির্দেশ দেন। তাই বিদেশি সহায়তা কমানোর ক্ষেত্রে অর্থমন্ত্রীর নির্দেশ মানা হয়েছে বলে ইআরডি সূত্রে জানা গেছে।
এ বিষয়ে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘দরপত্র প্রক্রিয়া বিলম্ব এবং বিদেশ থেকে কেনাকাটার শর্তের কারণে অনেক সময় বিদেশি সহায়তার অর্থ যথাসময়ে ব্যবহার করতে পারি না। তাই বিদেশি সহায়তা কমানো হয়েছে।’ তিনি বলেন, এখন স্থানীয় উৎস থেকে বরাদ্দ করা অর্থ ব্যবহারের দিকে বেশি জোর দেওয়া হচ্ছে। তাই এডিপি থেকে স্থানীয় উৎসের অর্থ কোনো সম্ভাবনা নেই। যদি কোনো মন্ত্রণালয় স্থানীয় উৎসের অথ ব্যবহার করতে না পারে, সেই অর্থ অন্য মন্ত্রণালয়কে বরাদ্দ দিয়ে পুনর্বণ্টন করা হবে।
বাস্তবায়ন: এডিপি বাস্তবায়নে পারদর্শিতা (পারফরম্যান্স) ভালো তো হয়নি, বরং কিছুটা খারাপ হয়েছে। ছয় মাসের হিসাবে চলতি বছরে এডিপি বাস্তবায়ন হার ২৪ শতাংশ হয়েছে, যা বিগত পাঁচ অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে গত বছরের একই সময়ের চেয়ে টাকাও কম খরচ হয়েছে। এ সময়ে খরচ হয়েছে ২৩ হাজার ৭৭৭ কোটি টাকা। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ২৩ হাজার ৭৯৫ কোটি টাকা বা বরাদ্দের ২৮ শতাংশ। এর আগের তিন অর্থবছরের একই সময়ে বাস্তবায়ন হার ছিল যথাক্রমে ২৫, ৩০ ও ২৪ শতাংশ।
এডিপি যথাসময়ে বাস্তবায়নে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বেশ কিছু সুপারিশ করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি দায়িত্বে থাকাকালেই এ সুপারিশগুলো করেছিলাম। যেমন জমি অধিগ্রহণের জটিলতা এড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় জমির ছবি তুলে রাখা, যাতে প্রকল্প শুরু হলে ঘরবাড়ি তৈরি করে কেউ বাড়তি ক্ষতিপূরণ দাবি করতে না পারে। আবার বাজেট পাস হওয়ার আগে দরপত্র আহ্বানের আগের প্রক্রিয়াগুলো সম্পন্ন করা উচিত, যেন বাজেট পাসের পরদিনই দরপত্র আহ্বান করা যায়। তা না হলে দরপত্র প্রক্রিয়া শেষ করতেই ছয় মাস চলে যায়।’