এডিপিতে বিদেশি সহায়তা ব্যবহার এবারও কম
চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) উল্লেখ থাকা প্রকল্প সাহায্য, অর্থাৎ বিদেশি সহায়তার অর্থ ব্যবহার করা যাচ্ছে না। জুলাই ও আগস্ট—এ দুই মাসে মাত্র ২১৬ কোটি টাকার সমপরিমাণ বিদেশি অর্থ খরচ করা সম্ভব হয়েছে। গত বছর একই সময়ে বিদেশি সহায়তার ৫৭৪ কোটি টাকা খরচ হয়েছিল।দেশি-বিদেশি মিলিয়ে গত দুই মাসে দুই হাজার ৬২২ কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্যে বিদেশি সহায়তা মাত্র ৮ দশমিক ২৩ শতাংশ। তবে এ দুই মাসে অর্থ মন্ত্রণালয় ছাড় করেছে মোট ছয় হাজার ৮৬৬ কোটি টাকা।এদিকে, অর্থবছরের প্রথম দুই মাসে এডিপির মাত্র ৬ শতাংশ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এ সময়ে দেশি সহায়তার দুই হাজার ৪০৬ কোটি টাকা খরচ হয়েছে। গত অর্থবছরেও প্রথম দুই মাসে ৬ শতাংশ অর্থ খরচ হয়েছিল।চলতি বছর এডিপিতে ৪৬ হাজার কোটি টাকার বরাদ্দ রয়েছে। এর মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে ২৭ হাজার ৩১৫ কোটি আর বিদেশি সহায়তা পাওয়ার আশ্বাস রয়েছে ১৮ হাজার ৬৮৫ কোটি টাকা।বিদেশি সহায়তা ব্যবহারে সক্ষমতার অভাবকেই দায়ী করছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। সম্প্রতি ইআরডির সচিব মোশাররাফ হোসাইন ভুঁইঞা প্রথম আলোকে জানান, অর্থবছরের শুরু থেকেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর এডিপির অর্থ খরচের কোনো ক্রয় পরিকল্পনা থাকে না। তাই কোন উৎসের অর্থ কীভাবে খরচ হবে, সেটা নিয়ে জটিলতা থাকে। ফলে বিদেশি সম্পদের ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না।এ ছাড়া দাতাদের অর্থ ছাড়ের শর্তাবলি পূরণ করতে না পারায় অনেক সময় বিদেশি সহায়তা-প্রবাহ বিঘ্নিত হয়। অর্থ ছাড়ে বিলম্ব করে দাতারা। এর ফলে যথাসময়ে বিদেশি সহায়তা খরচ করা সম্ভব হয় না। চলতি অর্থবছরের এডিপিতে বিদেশি সহায়তাপুষ্ট ৮৫টি প্রকল্প রয়েছে। এরই মধ্যে আন্তর্জাতিক বিভিন্ন ঋণদানকারী সংস্থা ও দেশের সঙ্গে অর্থ ছাড় ত্বরান্বিত করতে বৈঠক শুরু করেছে ইআরডি।গত অর্থবছরের এডিপির বিদেশি সহায়তার অর্থ খরচে আশানুরূপ সাফল্য দেখাতে পারেনি মন্ত্রণালয়গুলো। প্রথম ছয় মাসে বিদেশি সহায়তার যথাযথ ব্যবহার না হওয়ায় তিন হাজার কোটি টাকা ফেরত দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো।