এডিপিতে বিদেশি সাহায্য ২৩ শতাংশ কমানো হচ্ছে
চলতি ২০১১-১২ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) বৈদেশিক সাহায্যের বরাদ্দ কমানো হচ্ছে। সরকার বিদেশ থেকে অর্থ আনতে না পারায় চার হাজার ২৩৭ কোটি টাকা বা ২২ দশমিক ৬৭ শতাংশ বরাদ্দ কমছে।জাতীয় বাজেটে এ অর্থবছরে ৪৬ হাজার কোটি টাকার এডিপিতে বৈদেশিক সাহায্যের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ১৮ হাজার ৬৮৫ কোটি টাকা। এখন তা কমিয়ে ১৪ হাজার ৪৪৮ কোটি টাকায় নামিয়ে আনা হচ্ছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এ তথ্য জানা গেছে। ইআরডি সূত্র জানায়, এর মধ্যে বিনিয়োগ প্রকল্পে বরাদ্দ দেওয়া হচ্ছে ১৩ হাজার ১২৭ কোটি টাকা। আর কারিগরি-সহায়তা প্রকল্পে বরাদ্দ রাখা হচ্ছে এক হাজার ৩২১ কোটি টাকা। দাতা সংস্থা ও বাস্তবায়নকারী বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে আলোচনা করে সংশোধিত এডিপিতে বৈদেশিক সাহায্যের পরিমাণে প্রাথমিকভাবে এই বরাদ্দ অনুমোদন করেছে ইআরডি। তবে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এটি চূড়ান্ত করা হবে। এডিপিতে বিদেশি সহায়তার ব্যবহার আশঙ্কাজনকভাবে কমেছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) এডিপিতে বরাদ্দ বিদেশি সহায়তার মাত্র ১৩ শতাংশ বা দুই হাজার ৩৯৫ কোটি টাকা খরচ করতে পেরেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো।সূত্র জানায়, সংশোধিত এডিপির জন্য বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ প্রায় সব খাতে প্রকল্প সাহায্যের পরিমাণ কমেছে। শুধু বরাদ্দ বেড়েছে শিল্প, যোগাযোগ, পল্লি উন্নয়ন ও পল্লিপ্রতিষ্ঠান খাতে। সংশোধিত এডিপিতে প্রকল্প সাহায্য মাত্র পাঁচ কোটি টাকা বেড়েছে পানিসম্পদ খাতে।বিদ্যুৎ খাতে বৈদেশিক বরাদ্দের দুই হাজার ৪৮৪ কোটি টাকা থেকে কমিয়ে দুই হাজার ৪৬১ কোটি টাকা করার প্রস্তাব রয়েছে। ফলে বিদ্যুৎ খাতে প্রকল্প সাহায্য কমতে পারে ২৩ কোটি টাকা।তৈল, গ্যাস ও প্রাকৃতিক সম্পদ খাতে বৈদেশিক বরাদ্দ ৭১৮ কোটি টাকা থেকে কমে ২৮৩ কোটি টাকা করার প্রস্তাব রয়েছে। পরিবহন খাতে কমানো হচ্ছে দুই হাজার ৪৪১ কোটি টাকা। এডিপিতে এই খাতে বরাদ্দ ছিল চার হাজার ৪০৫ কোটি টাকা। সংশোধিত এডিপিতে এ বরাদ্দ কমে হচ্ছে এক হাজার ৯৬৪ কোটি টাকা। তবে শিল্প খাতে প্রকল্প সাহায্য ৫০৯ কোটি ৬১ লাখ টাকা বাড়ানোর প্রস্তাব রয়েছে। সংশোধিত এডিপিতে বৈদেশিক সাহায্যের বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। বছরের শুরুতে এই খাতে বরাদ্দ ছিল মাত্র ৫২ কোটি ৩৯ লাখ টাকা।যোগাযোগ খাতে প্রকল্প সাহায্যের পরিমাণ বাড়ানো হচ্ছে ৫৭০ কোটি ৫৭ লাখ টাকা। এ খাতে ২০৬ কোটি টাকা থেকে বরাদ্দ বাড়িয়ে করা হচ্ছে ৭৭৭ কোটি টাকা। একই সঙ্গে সংশোধিত এডিপিতে পল্লি উন্নয়ন ও পল্লিপ্রতিষ্ঠান খাতে ৪১৭ কোটি টাকা বাড়তে যাচ্ছে। এই খাতের বরাদ্দ এক হাজার ২১৫ কোটি ৯৭ লাখ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৬৩৩ কোটি টাকা করা হচ্ছে। বিদেশি সহায়তা ব্যবহার করতে না পারায় এ বছর প্রথমবারের মতো দাতা দেশ ও সংস্থার সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। এর পাশাপাশি বিদেশি সহায়তা ব্যবহার করে এমন শীর্ষস্থানীয় ১০টি মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গেও বৈঠক করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। বৈঠকে বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন করতে পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্প এলাকায় অবস্থান নিশ্চিত করা, দাতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, ভূমি অধিগ্রহণ জটিলতা নিরসনসহ বিভিন্ন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।