এডিপির আকার দেড় লাখ কোটি টাকা ছাড়াল
বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার দেড় লাখ কোটি টাকা ছাড়াল। আগামী ২০১৭-১৮ অর্থবছরের মূল এডিপির আকার ঠিক করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৩৩১ কোটি টাকা। আর স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উন্নয়ন ব্যয় হবে আরও ১০ হাজার ৭৫৩ কোটি টাকা। সব মিলিয়ে এডিপির আকার দাঁড়াচ্ছে ১ লাখ ৬৪ হাজার ৮৪ কোটি টাকা।
গতকাল রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এডিপি অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা কমিশনের তদারকিতে থাকা মূল এডিপির মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে ৯৬ হাজার ৩৩১ কোটি টাকা। আর উন্নয়ন–সহযোগীদের কাছ থেকে পাওয়া যাবে ৫৭ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে এডিপির আকার ১ লাখ ১০ হাজার ৩০০ কোটি টাকা। সেই হিসাবে আগামী এডিপির আকার বাড়ল ৪৩ হাজার কোটি টাকা।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, আগামী অর্থবছরে যে এডিপি নেওয়া হয়েছে, তার পুরোটাই সরকারের বিনিয়োগ। কেননা, অবকাঠামো খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করলে অর্থনীতিতে এর ফল পাওয়া যায়।
আগামী এডিপিতে মোট ১ হাজার ১৯৫টি প্রকল্প রয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ৭৯টি। এ ছাড়া কারিগরি প্রকল্প ১১২টি এবং জাপান ঋণ মওকুফ তহবিল (জেডিসিএফ) প্রকল্প ৪টি। এ ছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ১১৬টি প্রকল্পও আছে।
এর বাইরে ১ হাজার ৩১৫টি প্রকল্প অননুমোদিত ও বরাদ্দহীনভাবে এডিপিতে অন্তর্ভুক্ত রয়েছে। আগামী অর্থবছরজুড়ে এ তালিকা থেকে প্রকল্প পাস করা হবে। এ ছাড়া আগামী অর্থবছরে ৪১১টি প্রকল্প শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মেগা প্রকল্প
মেগা প্রকল্পগুলোর জন্য এডিপিতে বিশাল বরাদ্দ রাখা হয়েছে। পদ্মা সেতু প্রকল্পে আগামী অর্থবছর ৫ হাজার ৫২৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া পিপিপিতে নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য ৮০৫ কোটি টাকা; কর্ণফুলী নদীর তলদেশে সড়ক টানেল নির্মাণের জন্য ১ হাজার ৫৭৪ কোটি টাকা। আর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের (প্রথম পর্যায়) জন্য ৮৮ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। ৫ হাজার ৮৭ কোটি টাকার এই প্রকল্পে গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৪ হাজার ৭৩৮ কোটি টাকা ব্যয় হয়েছে। আগামী অর্থবছরে প্রকল্পটি শেষ হবে।
আগামী এডিপিতে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। এই বিভাগটি পেয়েছে মোট ২১ হাজার ৪৬৫ কোটি টাকা। এ ছাড়া দ্বিতীয় স্থানে থাকা বিদ্যুৎ বিভাগ ১৮ হাজার ৮৪৫ কোটি টাকা এবং তৃতীয় স্থানে থাকা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ১৬ হাজার ৮২০ কোটি টাকা বরাদ্দ পেয়েছে।
অন্যবারের মতো এবারও সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) বাস্তবায়নের জন্য ৩৬টি প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। অবকাঠামো প্রকল্পের মধ্যে অন্যতম হলো—ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে; খুলনায় খানজাহান আলী বিমানবন্দর; গাজীপুরের ধীরাশ্রমে নতুন অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল নির্মাণ; চট্টগ্রামে বাল্ক টার্মিনাল নির্মাণ। পিপিপিতে একটি মাত্র অবকাঠামো প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলছে।