এডিপির আকার বড় করে দেখানো হচ্ছে

নির্বাচনের বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার বড় দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আর তাই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও করপোরেশনগুলোর ১৩০টি উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত হচ্ছে এডিপির হিসাবে। ফলে এডিপির আকার চূড়ান্ত করতে অর্থ মন্ত্রণালয় যা বরাদ্দ ঠিক করেছিল, তার চেয়ে আট হাজার কোটি টাকা বেড়ে গেছে।সব মিলিয়ে আগামী ২০১৩-১৪ অর্থবছরের এডিপির আকার দাঁড়িয়েছে ৭৩ হাজার ৯৮৪ কোটি টাকা। এটি চলতি অর্থবছরের সংশোধিত এডিপি থেকে ৪১ দশমিক ২৮ শতাংশ বড় কিংবা ২১ হাজার ৬১৮ কোটি টাকা বেশি। এ বছরে সংশোধিত এডিপির আকার ৫২ হাজার ৩৬৬ কোটি টাকা। আর মূল এডিপি ছিল ৫৫ হাজার কোটি টাকা।জানা গেছে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও করপোরেশনের মধ্যে বিভিন্ন খাতের করপোরেশন ও সরকারি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে। এসব প্রতিষ্ঠান প্রতি অর্থবছরে নিজস্ব উৎসের আয়ে কিংবা সরকারি বরাদ্দ থেকে উন্নয়ন প্রকল্প গ্রহণ করে থাকে। কিন্তু প্রকল্পসমূহ বরাদ্দ চূড়ান্ত করতে বাঅনুমোদন নিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের দ্বারস্থ হতে হয় না। ফলে পরিকল্পনা মন্ত্রণালয় তাদের প্রণীত এডিপিতে এসব প্রকল্প বাদ রেখে দেয়।আগামী অর্থবছরের এডিপিতে এসব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ১৩০টি প্রকল্পের অনুকূলে আট হাজার ১১৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে এসব প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা কমিশনের অনুমোদন নিতে হবে না। এমনকি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে পাস করাতে হবে না। এ প্রসঙ্গে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম প্রথম আলোকে বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয়ও সরকারের ব্যয়। এসব প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অংশীদারি রয়েছে। এমন ধারণা থেকেই এডিপির হিসাবে এসব উন্নয়ন ব্যয় অন্তর্ভুক্ত করা হয়েছে।পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের এডিপি তৈরির জন্য অর্থ মন্ত্রণালয়ের বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি ৬৫ হাজার ৮৭০ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দ রেখেছিল। পরিকল্পনা কমিশন সেই বরাদ্দ অনুযায়ী অন্য বছরের মতো এডিপি প্রণয়ন করলেও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন খরচ হিসাবে এনেছে। ফলে এডিপির আকার বড় হয়ে গেছে।
নতুন প্রকল্প নিয়ে লুকোচুরি: প্রতিবারের মতো এবারও নতুন প্রকল্প নিয়ে লুকোচুরি অব্যাহত রয়েছে। নতুন এডিপিতে বরাদ্দসহ নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে ৫০টি। আগামী নির্বাচন সামনে রেখে রাস্তাঘাট নির্মাণের নতুন প্রকল্পই বেশি অন্তর্ভুক্ত করা হয়েছে।
কিন্তু চলতি অর্থবছরের সংশোধিত এডিপিতে ১৫৭টি নতুন প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে আগামী নতুন এডিপিতে কম নতুন প্রকল্প নেওয়া হলেও চলতি অর্থবছরের এডিপিতে ঢুকে পড়া নতুন প্রকল্পগুলো স্থানান্তর হয়ে গেছে স্বয়ংক্রিয়ভাবে। ফলে ব্যয়ের সক্ষমতা না থাকলেও মূলত ২০৭টি নতুন প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে নতুন এডিপিতে।
পদ্মা সেতুতে বরাদ্দ: নতুন এডিপিতে পদ্মা সেতু প্রকল্পের জন্য ছয় হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিদেশি সহায়তার নিশ্চয়তা না থাকলেও এই প্রকল্পে আগামী অর্থবছরে এক হাজার ৬০০ কোটি টাকা খরচের পরিকল্পনা দেখানো হয়েছে। বাকি অর্থ দেশজ উৎস থেকে খরচ হবে।