এডিপির প্রকল্প মূল্যায়নের জন্য স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্পগুলো মূল্যায়ন করার জন্য একটি স্বাধীন ‘মূল্যায়ন কমিশন’ গঠনের প্রস্তাব করেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক বিনায়ক সেন।বাংলাদেশ মহিলা সমিতির কেন্দ্রীয় আন্দোলন উপপরিষদ আয়োজিত জেন্ডার সংবেদনশীল বাজেটবিষয়ক এক আলোচনায় বিনায়ক সেন গতকাল এই প্রস্তাব উত্থাপন করেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।একই অনুষ্ঠানে বক্তারা বলেন, বাজেটে জেন্ডার সংবেদনশীল প্রকল্পে বরাদ্দ বাড়ছে। কিন্তু শুধু নারীকে লক্ষ্যে রেখে যেসব প্রকল্প রয়েছে, তাতে বরাদ্দ কয়েক বছর ধরেই কমছে। তা ছাড়া প্রকল্প থেকে নারীরা কতটুকু উপকার পাচ্ছেন, তা-ও মূল্যায়ন করা হচ্ছে না।বিনায়ক সেন বলেন, এডিপিতে যেসব প্রকল্প রয়েছে তার সবগুলোর প্রয়োজন আছে কি না, তা মূল্যায়ন করা প্রয়োজন। বড় প্রকল্পগুলো সুশীল সমাজ দিয়ে মূল্যায়ন করতে হবে। এতে প্রকল্পের লুকোচুরি ও দুর্নীতি সব বেরিয়ে আসবে।বিনায়ক সেন বলেন, ‘কৃষিমজুরি যেখানে দিনে সাড়ে তিন শ টাকা, সেখানে বিধবা-ভাতা মাসে সাড়ে তিন শ টাকা। এটাকে তো অবমূল্যায়ন করা হলো। এই টোকেনিজম দিয়ে তো দারিদ্র্য বিমোচন করা সম্ভব নয়।’ তিনি বলেন, গত দুই দশকে দেশে অর্থনৈতিক ও সামাজিকভাবে প্রবৃদ্ধি হয়েছে। আর প্রবৃদ্ধি অর্জনের এ সামাজিক মাশুলটা দিয়েছেন মহিলারা। মূল প্রবন্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শরমিন্দ নীলোর্মী বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ পর্যন্ত ১৩ লাখ কৃষককে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করেছে। কিন্তু কতজন নারী কৃষক এ কার্ড পেয়েছেন, সে তথ্য কয়েকবার চেয়েও অধিদপ্তর থেকে পাওয়া যায়নি।নীলোর্মী আরও বলেন, কৃষি খাতের ভর্তুকির ৩০ শতাংশ নারীদের জন্য বরাদ্দ। সেই সুবিধা নারীরা পাচ্ছেন কি না, তা তদারক ও মূল্যায়ন করা প্রয়োজন। তাঁর মতে, কৃষিতে জেন্ডার-বৈষম্য কমাতে পারলে নারী কৃষকদের উৎপাদন ২০ থেকে ৩০ শতাংশ বাড়বে; জাতীয় পর্যায়ে আড়াই থেকে চার শতাংশ উৎপাদন বাড়বে; ক্ষুধার্ত মানুষের সংখ্যা ১২ থেকে ১৭ শতাংশ কমবে আর ১০ থেকে ১৫ শতাংশ মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারবে।সভায় চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, ‘আমার হিসাবে, মাত্র ১ থেকে ২ শতাংশ নারী কৃষি উপকরণ সহায়তা কার্ড পেয়েছেন।’ তিনি বলেন, ধান উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত মোট ২১টি ধাপ রয়েছে। তার মধ্যে ১৭টি সম্পাদন করেন নারীরা।শাইখ সিরাজ আরও বলেন, ‘ছয়-সাত বছর ধরে শস্যবিমা চালুর কথা বলে যাচ্ছি। কিন্তু তা করা হচ্ছে না। তার পরও বলে যাচ্ছি, যেন সরকার তা করে। আসলে বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর (প্রেশার গ্রুপ) বড় চাপ না থাকলে সরকার এসব আমলে নেয় না।’সভাপতিত্বকালে মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, পঞ্চবার্ষিক পরিকল্পনায় নারীদের জন্য শুধু অর্থ বরাদ্দই বড় কথা নয়, একে মূলধারায় নিয়ে আসতে হবে। খাতওয়ারি বরাদ্দের ফল কী, তা দেখতে হবে।অধ্যাপক কানিজ এন সিদ্দিকী বলেন, নারীরা কোন প্রকল্প থেকে কতটুকু উপকার পাবেন, তা জেন্ডার সংবেদনশীল বাজেটে স্পষ্ট করতে হবে। সে জন্য সরকারের নীতিমালাগুলোও জেন্ডার সংবেদনশীল করতে হবে।সভায় মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, নারী প্রগতি সংঘের পরিচালক ওমর তারেক চৌধুরী ও স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার বক্তব্য দেন।