এডিপির বরাদ্দের ১৬৩০ কোটি টাকা করোনারোধে খরচ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে এডিপিতে খরচ করায় কৃচ্ছ্র সাধনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ওই চিঠিতে থোক বরাদ্দের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ ছাড়া উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অব্যবহৃত টাকা সামাজিক নিরাপত্তায় খরচ করা হবে বলে জানা গেছে।

চলতি অর্থবছরের এডিপিতে ১ হাজার ৬৩০ কোটি টাকা বিশেষ উন্নয়ন সহায়তার নামে থোক বরাদ্দ আছে। এর মধ্যে স্থানীয় মুদ্রায় ৮৩১ কোটি টাকা এবং বিদেশি সহায়তা হিসেবে ৭৯৯ কোটি টাকা আছে। এই টাকা বছরের যেকোনো সময়ে জরুরি প্রয়োজনে খরচের জন্য এডিপি বিশেষ উন্নয়ন সহায়তা হিসেবে বরাদ্দ রাখা হয়। সাধারণত জরুরিভাবে নতুন প্রকল্প নেওয়া হলে এই তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয়। কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো প্রকল্প নিতে হলে বরাদ্দ দেওয়া হয়।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, থোক বরাদ্দের টাকার ব্যবহারও শুরু হয়ে গেছে। ইতিমধ্যে ১ হাজার ১২৭ কোটি টাকার কোডিভ–১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপার্ডনেস নামে নতুন একটি প্রকল্প গত রোববার প্রাক-অনুমোদন দেওয়া হয়েছে। ওই প্রকল্পে বিশ্বব্যাংকের ঋণে পাওয়া ১০ কোটি ডলার (৮৫০ কোটি টাকা) বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি টাকা সরকারের থোক বরাদ্দের তহবিল থেকে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম প্রথম আলোকে বলেন, বর্তমান বিশেষ পরিস্থিতিতে অর্থ মন্ত্রণালয় চাইলে অর্থের পুনর্বণ্টন করতে পারে। এই মুহূর্তে করোনা পরিস্থিতি মোকাবিলা করা জরুরি। এ ছাড়া এডিপির অব্যবহৃত টাকাও বিভিন্ন উন্নয়ন ও অনুন্নয়ন খাতে খরচ করা সম্ভব। সে ক্ষেত্রে সম্পূরক বাজেট পাস করার সময় এই পুনর্বিন্যাসিত অর্থের বণ্টন পাস করিয়ে নিলেই হবে।

এদিকে অর্থ মন্ত্রণালয় থেকে কৃচ্ছ্র সাধনের চিঠিতে অপ্রয়োজনী গাড়ি কেনা, বিদেশ ভ্রমণসহ বিভিন্ন কম গুরত্বপূর্ণ খাতে অর্থ খরচ না করার নির্দেশ দেওয়া হয়েছে। গত মার্চ মাসের দ্বিতীয়ার্ধ থেকে উন্নয়ন প্রকল্পের কাজ শ্লথ হয়ে গেছে। করোনার প্রাদুর্ভাবের আগেই এডিবির আকার ২ লাখ ১৫ হাজার কোটি টাকা থেকে কমিয়ে ১ লাখ ৯২ হাজার ৯২১ কোটি টাকা করা হয়েছে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত মাত্র ৮০ হাজার ১৪৩ কোটি টাকা খরচ হয়েছে।
কিন্তু করোনা পরিস্থিতির কারণে বাকি টাকার পুরোটা খরচ সম্ভব হবে না, এটা প্রায় নিশ্চিত। তাই এডিপির অব্যবহৃত টাকা করোনা মোকাবিলায় বিভিন্ন প্রকল্প ও সামাজিক নিরাপত্তায় খরচ করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী সম্প্রতি সেই ঘোষণাও দিয়েছেন।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সংশোধিত এডিপিতে নিজেদের বরাদ্দের কী পরিমাণ টাকা খরচ করতে পারবে, তা জানতে যোগাযোগ শুরু করেছে পরিকল্পনা বিভাগ।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের অবশ্যই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ণয় করা উচিত। জরুরি প্রকল্প ছাড়া অন্য প্রকল্পে বরাদ্দ দেওয়া আর্থসামাজিক নিরাপত্তা খাতে খরচ করা উচিত। কারণ এখন মানুষ বাঁচানোই বেশি জরুরি।

তবে সংশোধিত এডিপিতে বরাদ্দ আছে কিন্তু খরচ করা সম্ভব হয়নি, এমন পুরো টাকাই যে পাওয়া যাবে, তা নয়। কারণ এডিপির টাকার জোগানের মুল উৎস রাজস্ব আদায়ের অবস্থাও নাজুক। গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রায় ৪৫ হাজার কোটি টাকা ঘাটতি আছে। এই সময়ে এনবিআর আদায় করেছে মাত্র ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরেও ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য আছে। কিন্তু গত ২৬ মার্চের পর থেকে দেশের আমদানি-রপ্তানি ও অভ্যন্তরীণ ব্যবসা–বাণিজ্য কার্যত বন্ধ আছে। ফলে এই সময়ে রাজস্ব আদায় প্রায় তলানিতে আছে। তাই এডিপিতে অর্থ জোগানও কঠিন হয়ে পড়বে।