এডিবি বাণিজ্য করিডর উন্নয়নে ১৭৮ কোটি ডলার দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সড়ক নিরাপত্তা এবং নাগরিকদের চলাচল প্রাধান্য পাওয়া ঢাকা-সিলেট বাণিজ্য করিডর উন্নয়ন প্রকল্পে বাংলাদেশকে ১৭৮ কোটি মার্কিন ডলার দেবে। এই অর্থ বাংলাদেশি প্রায় ১৫ হাজার ১৩০ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। পরিবহন ও আঞ্চলিক বাণিজ্য জোরদারে সহায়তা হিসেবে এই অর্থ দিচ্ছে এডিবি।

ফিলিপাইনের ম্যানিলাভিত্তিক বহুজাতিক সংস্থাটি গতকাল শুক্রবার এই ঋণ অনুমোদন করেছে।

এডিবি বলছে, ঢাকা-সিলেট করিডরের নির্মাণকাজ শেষ হলে চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের তিনটি স্থলবন্দর আখাউড়া, শেওলা ও তামাবিল হয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো পর্যন্ত ব্যবসা-বাণিজ্যের নতুন সংযোগ গড়ে উঠবে। আবার এই সংযোগ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে ভুটান ও মিয়ানমার পর্যন্তও বিস্তৃত হবে। এ ছাড়া ঢাকা-সিলেট করিডরটি জ্বালানি উত্তোলন ও নির্মাণসামগ্রীর উৎপাদন কার্যক্রম এবং দেশের অন্যান্য অঞ্চলের অর্থনৈতিক সম্পৃক্ততা জোরদারে সরকারের পরিকল্পিত উত্তর-পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক করিডর বাস্তবায়নে অবদান রাখবে।

দক্ষিণ এশিয়ায় এডিবির পরিবহন বিশেষজ্ঞ সতোমি সাকাগুচি বলেন, ‘রপ্তানি-চালিত অর্থনীতির দেশ বাংলাদেশের সামনে এখন আঞ্চলিক পরিবহন ও বাণিজ্যকেন্দ্র হয়ে ওঠার ব্যাপক সুযোগ ও সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে হলে পরিবহন খাতের অবকাঠামো আরও উন্নয়ন করা প্রয়োজন।’ তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (সাসেক) কর্মসূচির প্রধান অংশ হলো ঢাকা-সিলেট করিডর। এই করিডরের উন্নয়ন ঘটলে বিভিন্ন লজিস্টিকস ব্যয় কমবে, প্রতিযোগিতাশীলতা বাড়বে এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন প্রতিবেশী দেশের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য জোরদার হবে। তাই এডিবির এই অর্থায়ন বাংলাদেশ সরকারের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জন ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে।
এডিবি জানিয়েছে, তারা দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (সাসেক) কর্মসূচির আওতায় নেওয়া ঢাকা-সিলেট করিডর প্রকল্পে চার কিস্তিতে অর্থের জোগান দেবে। প্রথম দফায় ৪০ কোটি ডলার দেওয়া হবে জাতীয় মহাসড়কের ২১০ কিলোমিটার প্রশস্তকরণের জন্য। এই প্রকল্পের আওতায় মহাসড়কটিকে দুই লেন থেকে চার লেনে উন্নীত করার পাশাপাশি ৬০ কিলোমিটার ফুটপাত, ২৬টি ফুটওভারব্রিজ ও ১৩টি ওভারপাস নির্মাণ করা হবে।

মোট ২৬৯ কোটি ডলারের ঢাকা-সিলেট করিডর প্রকল্পে বাংলাদেশ সরকার বহন করবে ৯১ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ ২২ হাজার ৮৬৫ কোটি টাকার মধ্যে সরকার নিজে ব্যয় করবে ৭ হাজার ৭৪৩ কোটি টাকা। প্রকল্পটিতে কারিগরি সহায়তা বাবদ এডিবি তার কারিগরি সহায়তাসংক্রান্ত বিশেষ তহবিল থেকে (টিএএসএফ) ১০ লাখ ডলার অনুদানও দেবে। এ ছাড়া জাপান সরকারের জাপান ফান্ড ফর পোভার্টি রিডাকশন (জেএফপিআর) সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সক্ষমতা বৃদ্ধির জন্য ২০ লাখ ডলার দেবে। এই অর্থ মহাসড়ক রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সামাজিক অন্তর্ভুক্তি ও নারী-পুরুষ সমতা নিশ্চিতে ব্যবহার করা হবে।

এশীয় উন্নয়ন ব্যাংকের যাত্রা শুরু হয় ১৯৬৬ সালে। বর্তমানে সংস্থাটির মোট সদস্য ৬৮। এর মধ্যে ৪৯ সদস্য এশিয়ার। এই সংস্থা এশিয়াকে সমৃদ্ধিশালী, অন্তর্ভুক্তিমূলক, ঘুরে দাঁড়াতে সক্ষম এবং টেকসই অঞ্চল হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যদিকে ২০০১ সালে গঠিত হয় সাসেক কর্মসূচি। এটি প্রধানত পরিবহন ও বাণিজ্য খাতের উন্নয়ন সদস্যদেশগুলোকে সহায়তা দিয়ে থাকে। সাসেক এ পর্যন্ত ১ হাজার ৪৩০ কোটি ডলার বিনিয়োগ করছে। এর মধ্যে পরিবহন খাতের ৪১টি প্রকল্পে ১ হাজার ১৪০ কোটি ডলার বিনিয়োগ করেছে।