এডিবি ২০১৫ সাল নাগাদ ৪৫০ কোটি ডলার দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ থেকে ২০১৫ সময়কালের মধ্যে বাংলাদেশকে সাড়ে ৪০০ কোটি ডলার দেবে দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক। বাংলাদেশের জন্য প্রণীত নতুন কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজির (সিপিএস) আওতায় এই অর্থ দেওয়া হবে। গত বৃহস্পতিবার এডিবির পরিচালনা পর্ষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এই সভা অনুষ্ঠিত হয়। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। সিপিএস হলো এডিবির একটি কৌশলগত উপায়, যেখানে বাংলাদেশকে প্রতিশ্রুত উন্নয়ন সহায়তার রূপরেখা থাকে। এবারের সিপিএস ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার আলোকে প্রণীত হয়েছে। ঢাকায় এডিবির ঊর্ধ্বতন বিশেষজ্ঞ জাহিদ হোসেন বলেন, আগামী এক দশকের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হতে বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় যে পরিমাণ সহায়তা প্রয়োজন, সেই আলোকে বিনিয়োগ-সহায়তা দেওয়ার কৌশল প্রণয়ন করেছে এডিবি। সিপিএসে বিনিয়োগ কৌশলে মূলত অবকাঠামো দুর্বলতা, দক্ষ শ্রমশক্তির অভাব, দ্রুত নগরায়ণ, প্রাকৃতিক ও জলবায়ু পরিবর্তনের প্রভাবকেই প্রাধান্য দেওয়া হয়েছে। বিনিয়োগের জন্য এডিবি মূলত ছয়টি খাতকে প্রাধান্য দিয়েছে। এগুলো হলো: জ্বালানি, পরিবহন, নগর উন্নয়ন, শিক্ষা, কৃষি ও প্রাকৃতিক সম্পদ। জ্বালানি খাতে অর্থায়নের মাধ্যমে জনগণের জ্বালানি প্রাপ্যতা নিশ্চিত করতে চায় এডিবি। এ ছাড়া বিনিয়োগে বেসরকারি খাতের অংশগ্রহণের জন্য নীতি ও নিয়ন্ত্রণে সহায়তা দিতে চায় এডিবি। উচ্চ প্রবৃদ্ধির জন্য সড়ক ও রেলপথের অবকাঠামো উন্নয়নে এডিবি সহায়তা দেবে। আর নগর উন্নয়নে নিরাপদ পানি সরবরাহ, স্যানিটেশন-সুবিধা বাড়ানোকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। এ ছাড়া নগরে জনসংখ্যার চাপ কমাতে এডিবি স্যাটেলাইট শহর নির্মাণের পাশাপাশি টেকসই নগর পরিবহন-ব্যবস্থা তৈরিতে সহায়তা করবে। মানসম্পন্ন শিক্ষাব্যবস্থার কাঠামো তৈরিতে এডিবি সহায়তা করবে বলে সিপিএসে বলা হয়েছে। বাংলাদেশের পল্লি অবকাঠামো ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা খাতে সহায়তা করতে চায় এডিবি। এ ছাড়া পুঁজিবাজারের কার্যকারিতা বাড়াতে এবং দীর্ঘমেয়াদি বন্ড বাজার তৈরিতে এডিবির সহায়তা থাকবে। সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠায় এডিবির সহায়তা অব্যাহত থাকবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে—এমন প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতে এডিবি উদ্যোগ নেবে। জাহিদ হোসেন আরও বলেন, মূলত বড় ধরনের অবকাঠামো নির্মাণের জন্য বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোকেই সিপিএসে প্রাধান্য দেওয়া হয়েছে। এডিবি আরও বলছে, পরিবহন, জ্বালানি ও বাণিজ্যসুবিধা বাড়াতে আঞ্চলিক সহযোগিতা সম্ভাবনাকে কাজে লাগাতে এই সিপিএস বাংলাদেশ সরকারকে সহায়তা করবে।