এডিবি ৩ বছরে ৫০০ কোটি ডলার দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী তিন বছরে বাংলাদেশে ৫০০ কোটি ডলার অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই অর্থ বাংলাদেশের প্রায় ৪০ হাজার কোটি টাকার সমান।
এডিবির ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝাং গত রোববার ঢাকায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। তিনি রোববার রাতেই ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) বৈঠকে যোগ দিতে এসে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গেও বৈঠক করেন।
সংবাদ সম্মেলনে ওয়েনচাই ঝাং বলেন, বাংলাদেশে এডিবির অর্থায়ন বাড়ছে। আগামী তিন বছরের জন্য ব্যবসার পরিকল্পনা ঠিক করা হয়েছে।
এডিবি গত তিন অর্থবছরে বাংলাদেশে মোট ৩০০ কোটি ডলার অর্থায়ন করেছে। চলতি ২০১৫-১৬ অর্থবছরে দিচ্ছে ১২০ কোটি ডলার।
রাজধানীর আগারগাঁওয়ে এডিবির ঢাকা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন ওয়েনচাই ঝাং। তাঁর মতে, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যগুলো (এমডিজি) অর্জন করাই বাংলাদেশের অন্যতম সাফল্য। বিশেষ করে দারিদ্র্যের হার কমিয়ে আনা।
তবে ওয়েনচাই ঝাং মনে করেন, বাংলাদেশের সামনে এখনো অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে জ্বালানি, বিদ্যুৎ ও ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, পুঁজিবাজার উন্নয়ন ও এসএমই অর্থায়ন সহজলভ্য করা, তরুণ সমাজকে যথাযথ শিক্ষার মধ্যে আনা, স্থানীয় সরকারের কার্যক্রমে স্বচ্ছতা ও গতি বৃদ্ধির চ্যালেঞ্জ রয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি।