দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অনুমোদনে বিলম্ব হওয়ায় খুলনা ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট নির্মাণ প্রকল্পের ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে।২০০৬ সালে তৎকালীন সরকারের নেওয়া এই প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ৮০৩ কোটি টাকা। অথচ এখন এটির ব্যয় বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৪২ কোটি টাকা। আর এই বাড়তি টাকার পুরোটাই বহন করতে হচ্ছে সরকারকে। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। সভায় একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রকল্পটির মোট ব্যয়ের মধ্যে সরকার জোগান দেবে এক হাজার ৫৫ কোটি টাকা। আর এডিবির কাছ থেকে পাওয়া যাবে ৪৮৭ কোটি টাকা। এডিবির অনুমোদনে বিলম্ব হওয়ায় প্রকল্পটির মেয়াদও কয়েক দফায় বাড়ানো হয়। একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের বলেন, বিগত চারদলীয় জোট সরকারের সময় প্রকল্পটির অনুমোদন দেওয়া হলেও তারা কিছুই করেনি। তত্ত্বাবধায়ক সরকার এসে প্রকল্পটির কাজ শুরু করে। পরিকল্পনামন্ত্রী জানান, এডিবির কাছে পাঠানো দরপত্র ও অর্থনৈতিক প্রতিবেদন অনুমোদন পেতে দেরি হওয়ায় প্রকল্পটির কাজও ঝুলে যায়। সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ২৩ সেপ্টেম্বর একনেকে প্রকল্পটির প্রথম অনুমোদন দেওয়া হয়। সে সময় প্রকল্পটির মোট ব্যয়ের ক্ষেত্রে সরকারের নিজস্ব উৎস থেকে ৩১০ কোটি টাকা দেওয়ার কথা ছিল। আর এডিবি ৪৯৩ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ওই সময় প্রকল্পটির কাজ শেষ করার সময়সীমা ২০০৬ সালের জুলাই থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। পরে ২০০৭ সালের জুনে এডিবির সঙ্গে ঋণচুক্তি ও পরামর্শক নিয়োগের চুক্তি সই করে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল)। এডিবির সম্মতি নিয়ে ২০০৯ সালের ২৩ ফেব্রুয়ারি দরপত্র আহ্বান করে এনডব্লিউপিজিসিএল। বাস্তবায়নকারী সংস্থা ২০০৯ সালের ১১ অক্টোবর প্রকল্পটির কারিগরি প্রতিবেদন এডিবির কাছে পাঠায়। একই বছরের ২৭ ডিসেম্বর কারিগরি প্রতিবেদনে সম্মতি দেয় এডিবি। কিন্তু এডিবির কাছে প্রকল্পের অর্থনৈতিক প্রতিবেদনটি পাঠানো হয় ২০১০ সালের ১৬ মার্চ। একই বছরের ডিসেম্বর মাসে তা অনুমোদন করে এডিবি। প্রথম দফায় ২০১০ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। কিন্তু তা কার্যকর করতে না পারায় ২০১২ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়। গতকালের একনেক সভায় অনুমোদিত এই প্রকল্পের মেয়াদ আবারও বাড়িয়ে ২০১৩ সালের মার্চ পর্যন্ত করা হয়। এদিকে এই প্রকল্পটিসহ একনেকে গতকাল দুই হাজার ৯৪০ কোটি টাকার ১১টি উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে। এর মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে দুই হাজার ৪৫৩ কোটি টাকা। আর প্রকল্প সাহায্য হিসেবে পাওয়া যাবে ৪৮৭ কোটি টাকা। একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো—৭৭ কোটি টাকার ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন, ৩৪ কোটি টাকার কনস্ট্রাকশন অব মাল্টিস্টোরেড উইমেন হোস্টেল অ্যান্ড একাডেমিক কমপ্লেক্স ফর ঢাকা মহানগর মহিলা কলেজ (প্রথম সংশোধিত), ৫৬ কোটি টাকার এস্টাবলিশমেন্ট অব ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি ইন ঢাকা প্রজেক্ট (সংশোধিত), ২৯ কোটি টাকার সৌরশক্তির মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশের ১৬৫টি বিওপি বিদ্যুতায়ন, ৫৭ কোটি টাকার টেকেরহাট (হাইওয়ে পয়েন্ট)-দত্তপাড়া সূর্যনগর (হাইওয়ে পয়েন্ট) সড়ক উন্নয়ন, ৫১ কোটি টাকার মির্জাপুর-ওয়ার্শি-বালিয়া সড়ক নির্মাণ, ১৬৯ কোটি টাকার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক-দ্বিতীয় পর্যায় (ইনানী থেকে সিলখালী পর্যন্ত) (সংশোধিত), ৫০৬ কোটি টাকার ডিসিসির আওতাধীন রায়েরবাজার জাতীয় শহীদ স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থান উন্নয়ন, ১৫২ কোটি টাকার পাবনা-নাটোর-সিরাজগঞ্জ ক্ষুদ্র সেচ উন্নয়ন (তৃতীয় পর্যায়) এবং ২৬৭ কোটি টাকার ঢাকা সিটি করপোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তা, নর্দমা ও ফুটপাত উন্নয়ন।