এডিবির ৫০ বছরের ইতিহাসে সর্বোচ্চ ঋণ বিতরণ
প্রতিষ্ঠার ৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এক বছরে তিন হাজার কোটি মার্কিন ডলারের বেশি ঋণ ও অর্থায়ন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আঞ্চলিক উন্নয়নে, বিশেষ করে অবকাঠামো খাতে সহায়তা প্রদানে জোর দেওয়ায় সংস্থাটির ঋণ ও অর্থায়নের পরিমাণ বেড়েছে।
এডিবি ২০১৬ সালে প্রায় ৩ হাজার ২০০ কোটি ডলার ঋণ দিয়েছে। এই অর্থ ২০১৫ সালের চেয়ে ১৮ শতাংশ বেশি। গত মঙ্গলবার প্রকাশিত এডিবির বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০১৬ সালের এই প্রতিবেদনে বলা হয়, আলোচ্য বছরে সংস্থাটি ১ হাজার ৭৪৭ কোটি ডলার ঋণ ও মঞ্জুরি বাবদ, ১৭ কোটি ডলার কারিগরি সহায়তায় এবং ১ হাজার ৪০০ কোটি ডলার সহ-অর্থায়ন হিসেবে দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এডিবির ইতিহাসে দ্বিতীয়বারের মতো বেসরকারি খাতে ঋণদান ২৫০ কোটি ডলার দাঁড়িয়েছে। এ ছাড়া সংস্থাটির নিজস্ব তহবিল থেকে বেসরকারি খাতে সহ-অর্থায়ন রেকর্ড ৫৮৪ কোটি ডলার দিয়েছে; যা ২০১৫ সালের চেয়ে ১২০ ডলার বেশি।
এডিবির প্রেসিডেন্ট তাকিহিতো নাকাও বলেন, ‘আমরা সদস্য দেশগুলোর উন্নয়নে প্রয়োজনীয় চাহিদা মেটাতে আমাদের চেষ্টা আরও জোরদার করব।’
তাকিহিতো বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এখনো ৩৩ কোটি মানুষ চরম দারিদ্র্যসীমার মধ্যে বাস করছে। অবকাঠামোর ঘাটতি এ অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, দারিদ্র্য দূরীকরণে বাধা হয়ে আছে।