ডিপিএইচইর আবদার
এত আগ্রহ কেন হাত ধোয়া প্রকল্পে
এক সপ্তাহ আগে প্রায় দুই হাজার কোটি টাকার একই রকম এক প্রকল্প পাস করিয়ে নিয়েছে সংস্থাটি। এখন আরও একটি প্রকল্প অনুমোদনের চেষ্টা।
করোনা প্রতিরোধে আলোচনায় এখন টিকা। কত দ্রুত টিকা আনা যায়, তার জন্য সরকারের মধ্যে চলছে তোড়জোড়। আর এমন সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) উদ্যোগ নিয়েছে মানুষকে হাত ধোয়ানোর। এ জন্য সারা দেশে জনসমাগম হয়, এমন স্থানে হাত ধোয়ার বেসিন বসাতে চায় সরকারের এই সংস্থা। এ জন্য ৩২৬ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ‘কোভিড–১৯ মোকাবিলায় হাইজিন’ শিরোনামের একটি প্রকল্প অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে ডিপিএইচই। তবে প্রস্তাবটি ফিরিয়ে দিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ নিয়ে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে চেয়েছেন।
মাত্র এক সপ্তাহ আগে করোনা প্রতিরোধে দেশের বিভিন্ন জায়গায় হাত ধোয়ার স্টেশন নির্মাণে ১ হাজার ৮৩১ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) অনুমোদন করিয়ে নিয়েছে ডিপিএইচই। সেই প্রকল্পে হাত ধোয়া স্টেশন নির্মাণে শুধু পরামর্শকের পেছনে খরচ ধরা হয় ৫৬ কোটি টাকা। এ ছাড়া তিন লাখ গরিব মানুষ বাছাই করা এবং করোনাভাইরাসে স্বাস্থ্যবিধি সম্পর্কে মানুষের আচরণ পরিবর্তনে খরচ ধরা হয়েছে ৪০ কোটি টাকা। ওই প্রকল্পের কাজ শুরু না হতেই সমজাতীয় আরেকটি প্রকল্প অনুমোদনের তোড়জোড় শুরু করেছে ডিপিএইচই।
সারা দেশে ১৩ হাজার ২৭০টি হাত ধোয়ার বেসিন বসাতে চায় ডিপিএইচই, এ জন্য খরচ ধরা হয়েছে ২৪৫ কোটি টাকা।
প্রকল্পসংশ্লিষ্ট নথি ঘেঁটে দেখা গেছে, ‘কোভিড–১৯ মোকাবিলায় হাইজিন’ প্রকল্পের আওতায় সারা দেশে ১৩ হাজার ২৭০টি হাত ধোয়ার বেসিন বসাতে চায় ডিপিএইচই। এসব বেসিন বসানো হবে দেশের বিভিন্ন হাসপাতাল, বস্তি, কমিউনিটি ক্লিনিক, বাসস্টেশনসহ জনসমাগম এলাকায়। এসব বেসিনের সঙ্গে পানি সরবরাহের ব্যবস্থাও থাকবে। এ জন্য খরচ ধরা হয়েছে ২৪৫ কোটি টাকা। সে হিসাবে প্রতিটি বেসিনের পেছনে খরচ পড়বে ১ লাখ ৮৫ হাজার টাকা। এ ছাড়া পানি সরবরাহ সুবিধা ছাড়া হাত ধোয়ার বেসিন নির্মাণ করা হবে আরও ১৩ হাজার ২৭০টি। সে জন্য খরচ ধরা হয়েছে ৫৯ কোটি টাকা।
প্রস্তাবিত প্রকল্পের আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে হাত ধোয়ার জন্য স্থানান্তরযোগ্য ইউনিট সরবরাহ করা হবে ৮০০টি। এ জন্য খরচ ধরা হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। এ ছাড়া প্রকল্পটির আওতায় হাইজিন কিট, ব্লিচিং পাউডার, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ, সাবান, পানি পরিশোধন ট্যাবলেট কেনা হবে। কেনা হবে পিপিই, গামবুট, মাস্কও। এ জন্য খরচ হবে ২ কোটি ৩০ লাখ টাকা। আর হাত ধোয়ার বেসিন নির্মাণে পরামর্শকের পেছনে খরচ হবে এক কোটি টাকা।
করোনা মোকাবিলায় হাত ধোয়ার বেসিন বসানোর একটি প্রকল্প আমাদের হাতে এসেছে। আমরা প্রকল্পটি পর্যালোচনা করেছি। এসব হাত ধোয়ার বেসিন যাতে নিয়মিত সুপারভিশন করা হয়, আমরা সেটি নিশ্চিত করার পরামর্শ দিয়েছি
তবে পরিকল্পনা কমিশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, সচিবালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের নিজস্ব উদ্যোগে এরই মধ্যে হাত ধোয়ার বেসিন বা স্টেশন বসানো হয়েছে। কিন্তু অনেক হাত ধোয়ার বেসিনই এখন ব্যবহৃত হচ্ছে না। কারণ, এসব বেসিনে হয় পানি থাকে না, অথবা হাত ধোয়ার সাবান কিংবা হ্যান্ডওয়াশ থাকে না। পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা বলছেন, শিক্ষিত মানুষের মধ্যেই যেখানে হাত ধোয়ার অভ্যাস গড়ে ওঠেনি, সেখানে জনসমাগম এলাকায় নির্মাণ করা হাত ধোয়ার বেসিনের ভবিষ্যৎ নিয়ে সন্দেহ রয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ প্রকল্প করতে চায় আবার ঋণ নিয়ে। এ জন্য ৩২৬ কোটি টাকার মধ্যে ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) থেকে ঋণ নেবে ২৮৬ কোটি টাকা। বাকি ৪০ কোটি টাকা সরকারি কোষাগার থেকে চাওয়া হয়েছে। প্রকল্প প্রস্তাবে ২০২২ সালের জুন পর্যন্ত এটি বাস্তবায়নের কথা বলা হয়েছে।
জানতে চাইলে পরিকল্পনা কমিশনের সদস্য মামুন-আল–রশীদ প্রথম আলোকে বলেন, ‘করোনা মোকাবিলায় হাত ধোয়ার বেসিন বসানোর একটি প্রকল্প আমাদের হাতে এসেছে। আমরা প্রকল্পটি পর্যালোচনা করেছি। এসব হাত ধোয়ার বেসিন যাতে নিয়মিত সুপারভিশন করা হয়, আমরা সেটি নিশ্চিত করার পরামর্শ দিয়েছি।’
ডিপিএইচইর কর্মকর্তারা বলছেন, সারা বিশ্বেই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। বাংলাদেশে যেহেতু জনসংখ্যার ঘনত্ব বেশি এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস কম, তাই বাংলাদেশ করোনার বড় ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে বস্তিবাসীদের মধ্যে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা কম। এ জন্য মানুষের হাত ধোয়ার অভ্যাস তৈরির পাশাপাশি আচরণগত পরিবর্তন আনতে প্রকল্পটি নেওয়া হয়েছে।
জানতে চাইলে ডিপিএইচইর প্রধান প্রকৌশলী সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসক, শিক্ষাপ্রতিষ্ঠান, পৌরসভা কিংবা হাসপাতালের পক্ষ থেকে যারা আমাদের কাছে হাত ধোয়ার বেসিনের জন্য আবেদন করবে,আমরা কেবল তাদেরই দেব। কারণ, আমাদের রক্ষণাবেক্ষণের টাকা নেই। যারা হাত ধোয়ার বেসিন নেবে, তাদেরই সেটা রক্ষণাবেক্ষণ করতে হবে।’