এনআরবি কমার্শিয়াল ব্যাংক ৩ ফেব্রুয়ারি অনুমোদন পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শর্ত অনুযায়ী ৪০০ কোটি টাকার পরিশোধিত মূলধন ও অন্যান্য নিয়মনীতি অনুসরণ করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। তাই বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সন্তুষ্ট হয়ে আগামী ৩ ফেব্রুয়ারি এই ব্যাংককে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠক শেষে সাংবাদিকদের গতকাল রোববার এসব কথা জানান ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।এর আগে গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। এতে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রধান নির্বাহী দেওয়ান মজিবুর রহমান প্রস্তাবিত ব্যাংকটির ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরেন।১২ দেশে বসবাসরত ৫৩ জন প্রবাসী এনআরবি কমার্শিয়াল ব্যাংকের উদ্যোক্তা। এই ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান হিসেবে রয়েছেন আমেরিকাপ্রবাসী ফরাসত আলী।সুর চৌধুরী জানান, ব্যাংকের পক্ষ থেকে সব শর্ত পূরণ করে আবেদন করা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পর্ষদের সভায় উপস্থাপন করে। পর্ষদ তাতে সন্তুষ্ট হয়েছে। পর্ষদের কিছু প্রশ্ন ছিল, ব্যাংকের পক্ষ থেকে তার জবাব দেওয়া হয়েছে। ডেপুটি গভর্নর বলেন, পর্ষদ সর্বসম্মতভাবে আগামী ৩ ফেব্রুয়ারি এর অনুমোদনের জন্য উপস্থাপন করতে বলেছে। এই অনুমোদনের মধ্য দিয়ে তাদের লাইসেন্স দেওয়া হবে।সুর চৌধুরী জানান, পর্ষদের আগামী সভায় আরও কয়েকটি ব্যাংকের প্রস্তাব যাবে। তবে এর কয়টি প্রস্তাব চূড়ান্ত অনুমোদন হয়ে লাইসেন্স পাবে, তা পর্ষদই ঠিক করবে। কয়েকটি ব্যাংকের মূলধন ঘাটতি-সম্পর্কিত প্রশ্নে ডেপুটি গভর্নর বলেন, কোনো শর্ত পূরণ ছাড়া কোনো ব্যাংকের চূড়ান্ত লাইসেন্স পাওয়ার প্রস্তাব পরিচালনা পর্ষদে যাবে না।বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ গত এপ্রিল মাসের প্রথম ভাগে দুই দফাতে মোট নয়টি ব্যাংকের নীতিগত অনুমোদন করে। আর ১৭ এপ্রিল প্রাথমিক সম্মতিপত্র দেয়। এতে লাইসেন্স দেওয়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে ছয় মাসের মধ্যে আবেদন করতে সময় বেঁধে দেওয়া হয়। এদিকে গতকালের পর্ষদ সভায় রপ্তানি প্রত্যাবাসনের কোটায় প্রাপ্ত অর্থ ব্যবহার করে বিদেশে বিনিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটি পর্যালোচনা উপস্থাপন করা হয়। এতে বলা হয়, পুরো বিষয়টি আরও বিশদভাবে পর্যালোচনা ও বিশ্লেষণ করা প্রয়োজন। ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘পর্ষদে বিষয়টি উত্থাপন করা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি; বরং বিস্তারিত পর্যালোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।’